২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত ট্রেন সার্ভিস ঠেকাতে মামলা করবেন ‘রিট মাস্টার’ সিদ্দিকী

‘রিট মাস্টার’ বলে আইনজীবী মহলে নিজেকে পরিচয়দানকারী আবু বকর সিদ্দিকী ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন সার্ভিস চালুর সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করার হুমকি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 07:42 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ট্রেন সার্ভিস চালু করতে দুদেশের মধ্যে চুক্তি নবায়ন করা না হলেও সিদ্দিকী ‘চুক্তি’ বাতিলের জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে উকিল নোটিশও পাঠিয়েছেন।

মঙ্গলবার আবু বকর সিদ্দিকী হাইকোর্টে উপস্থিত সাংবাদিকদের মাঝে সরকারের কাছে পাঠানো নোটিশটি বিলি করেন।

নোটিশে বলা হয়েছে, গত ৩০ মার্চ বিভিন্ন জাতীয় দৈনিকে দুই দেশের মধ্যে ট্রেন সার্ভিস চালুর জন্য চুক্তি নবায়নের সরকারী সিদ্ধান্তের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ট্রেন সার্ভিস চালুর চুক্তিটি সংবিধান অনুযায়ী সংসদে অনুমোদন হয়নি।

নোটিশে আরও বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার অল্প সময়ের জন্য ক্ষমতা গ্রহণ করেছে। সাধারণ নির্বাচন অনুষ্ঠান ও স্বাভাবিক প্রশাসন পরিচালনা করবে এ সরকার। এই সরকারের কোনো আর্ন্তজাতিক চুক্তি নবায়ন বা বাস্তবায়নের ক্ষমতা নেই।

এই চুক্তিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ অভিহিত করে বাংলাদেশের ‘স্বার্থ বিরোধী’ এই চুক্তি বাতিলের জন্য নোটিশে দাবি জানানো হয়। ৪৮ ঘন্টার মধ্যে এই চুক্তি বাতিলের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সরকারকে।

অন্যথা হাইকোর্টে রিট মামলা দায়ের করা হবে বলে নোটিশে হুমকি দেওয়া হয়।

আইনজীবী আবু বকর সিদ্দিকীর পক্ষে রিটটি পরিচালনা করবেন ব্যারিস্টার মোহাম্মদ আলী। তিনি মঙ্গলবার প্রধান উপদেষ্টার মূখ্যসচিব, মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষাসচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপককে ভারত বাংলাদেশ ট্রেন সার্ভিস চালু না করার আবেদন জানিয়ে নোটিশ দেন।