২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অদক্ষতা, দুর্নীতি ও অনিয়মের কারণে পিএসসি সুনাম হারিয়েছে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) অদক্ষতা, দুর্নীতি এবং অনিয়মের জন্য সুনাম হারিয়েছে। খুব তাড়াতাড়ি পিএসসির পরীক্ষা পদ্ধতি যুযোগযোগী করা এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিশনকে পুরোপুরি পুনর্গঠন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 04:20 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সোমবার বিসিএস প্রশিক্ষক একাডেমী মিলনাতয়নে অনুষ্ঠিত পিএসসির দক্ষতা ও ভূমিকা শীর্ষক গোল টেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন।

পিএসসির সচিব মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গোলটেবিল আলোচনায় সংস্থাপন সচিব মো. আব্দুস সালাম খান প্রধান অতিথি এবং বিসিএস প্রশিক্ষণ একাডেমীর (বিপিএটিসি) রেক্টর আবু মো. মনিরুজ্জামান খান এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির( ইউএনডিপি) কাট্রি ডিরেক্টর মনোজ বাসনিয়াত বিশেষ অতিথি ছিলেন।

সংস্থাপন সচিব বলেন, সাম্প্রতিক সময়ে সংবাদপত্রে পিএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় সরকার বিষয়টি নিয়ে ভাবছে। ২৭ তম বিসিএস পরীক্ষা বাতিলের বিষয়ে তিনি বলেন, টিআইবি কিংবা কোনো পত্রিকা বললেই পরীক্ষা বাতিল করা যায় না। তিনি সংস্কারের বিভিন্ন প্রস্তাবনার সঙ্গে একমত পোষণ করে বলেন, নিয়োগের পাশাপাশি পদোন্নতির বিষয়টিও পিএসসির মাধ্যমে হওয়া উচিত এবং এক্ষেত্রে অবিচার হলে তার প্রতিকার পাওয়ার সুযোগ থাকতে হবে।

গোলটেবিল আলোচনার শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদার সরকারের কেন্দ্রীয় নিয়োগ সংস্থা হিসেবে পিএসসির দক্ষতা, ভূমিকা এবং মানব সম্পদ উন্নয়নে সাম্প্রতিক ভুমিকা শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

ওই প্রস্তাবনাপত্রে তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে পিএসসি সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সাম্প্রতিক সময়ে তা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই বাস্তবতায় পিএসসির সংস্কার করে হারানো ভাবমূতি ফিরিয়ে আনতে হবে। পিএসসিকে রাজনৈতিক প্রভাবমুক্ত, অনিয়ম দূর করা এবং দক্ষ করে তোলার জন্য তিনি কমিশনকে আরো শক্তিশালী করা, কমিশনের মর্যাদা অন্য কমিশনের সমান করা, চেয়ারম্যান ও সদস্য নিয়োগে পরিবর্তন এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের সুপারিশ করেন।

এই প্রস্তাবনা পত্রের ওপর সমালোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ গঠনের আগে থেকেই পিএসসি আছে। বৃটিশ ও পাকিস্তান আমল থেকে এ প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা রয়েছে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে নানা বিতর্ক উঠেছে, সুনামহানি হয়েছে এবং হারানো সুনাম ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া চলছে।

কেবল মেধার ভিত্তিতে প্রশাসনে নিয়োগ নিশ্চিত করলেই এটা ফিরে পাওয়া সম্ভব। পিএসির পরীক্ষা প্রক্রিয়াকে দীর্ঘ উল্লেখ করে তিনি বলেন, দুই বছর অনেক বেশি সময়-এটা কমাতেই হবে। পিএসসির নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, পিএসসির ভেতরেই একটি চক্র আধুনিক করার ক্ষেত্রে বাধা। সরকারি প্রশাসন সম্পর্কে অনভিজ্ঞ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কমিশনে নিয়োগ দেওয়ার বিরোধিতা করে বলেন, এসব নিয়োগ অনেক ক্ষেত্রেই রাজনৈতিক।

মুক্ত আলোচনায় ট্রান্সপারেন্সি ইন্ট্যারন্যাশনালের (টিআইবি) নির্বাহী ইফতেখারুজ্জামান বলেন, আলোচনায় এবং মূল প্রবন্ধে পিএসসির অনিয়ম ও দুর্নীতির বিষয়টি উঠেছে। এখানে দুর্নীতি আছে সেটা নিয়ে এখন আর বিতর্ক নেই। তিনি দ্রুত পিএসসির আমূল সংস্কার, কমিশনের জন্য ‘কোড অব এথিকস’ প্রণয়নের দাবি জানান।