পাঁচ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ লাখ কর্মী নেওয়ার প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার। প্রস্তাবটি শিগগিরই মালয়েশিয়ার মন্ত্রিসভায় উত্থাপিত হবে।
৩০ মার্চ কুয়ালালমপুরে অনুষ্ঠিত দু’দেশের সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ এ প্রস্তাব দেয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল মতিন চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি প্রক্রিয়া আরো সহজ ও স্বল্প সময়ে সম্পন্ন করার প্রস্তাবও দেওয়া হয় বৈঠকে। এ ব্যাপারে তারা ফিঙ্গার প্রিন্ট ও ‘কলিং ভিসার’ (ভিসা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ) প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
বাংলাদেশ থেকে এক লাখ ৬৪ হাজার ৯৩৮ জন কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। এর মধ্যে গত অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ২৯ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় চাকরি পেয়েছেন। আরও ৪৫ হাজার কর্মীর জন্য কলিং ভিসা পাঠিয়েছে মালয়েশিয়া। এ ছাড়া ৬৫ হাজার কর্মীর ফিঙ্গার প্রিন্ট নেওয়া হলেও প্রক্রিয়াগত জটিলতায় কলিং ভিসা আটকে আছে।
মালয়েশিয়ায় বিদেশিদের চাকরির যাবতীয় প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হয়। প্রথমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দেয়। এর পর ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ এবং সর্বশেষ কলিং ভিসা প্রদান করা হয়।
বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল তান শ্রী দাতো সেরি আসেহ বিন হজ চেমেত তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আব্দুল মতিন চৌধুরী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি রাদজি বিন শেখ আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
সচিব আরো জানান, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও সেক্রেটারি জেনারেলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তারা তা সাদরে গ্রহন করেছেন ।
উল্লেখ্য, মালয়েশিয়ায় শ্রম ও কর্মসংস্থানের বিষয়টি সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয়। বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ার কৃষি খামার, নির্মাণ, শিল্প কারখানা এবং প্লানটেশনে কাজ করছেন।
১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় দু লাখ ৭৩ হাজার জনশক্তি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি করা হয়েছে। মাঝে দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর ২০০৬ সালের ২২ অক্টোবর পুনরায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হয়।
