চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন থেকে স্কুল অপসারণ
নগরীর পাঁচলাইশ এলাকার একটি ঝুঁকিপূর্ণ হেলে পড়া ভবন থেকে সোমবার একটি স্কুল অপসারণ করা হয়েছে।
বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সম্প্রতি পাঁচলাইশের শুলকবহর এলাকার একটি পাঁচতলা ভবনে অবস্থিত ‘পাইওনিয়ার ইনস্টিটিউট’ নামের ওই স্কুলটি অপসারণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে সোমবার স্কুলটি পাশের একটি ভবনে স্থানান্তর করা হয়।
আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এই ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনের মসয় দেখা যায়, স্কুল ভবনটি একদিকে কাত হয়ে পাশের অপর একটি ভবনের সঙ্গে লেগে আছে।
এদিকে, সোমবার নগরীর পতেঙ্গা সিমেন্ট ক্রসিং মোড়ে ভ্রাম্যমাণ আদালত ২৫টি বাস, ট্যাংক, লরি, রাইডার ও ট্রাককে আটক করে সোয়া এক লাখ টাকা জরিমানা আদায় করেছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ টিমের কারিগরি সহায়তায় কালো ধোয়ার মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
