পুরানা পল্টনে ভবন নির্মাণের সময় রাস্তায় ধস
রাজধানীর পুরানা পল্টনে বহুতল একটি ভবনের নির্মাণ কাজ চলার সময় সোমবার সকালে প্রায় দেড়শ ফুট রাস্তা ধসে পড়েছে।
ঘটনার পর নির্মাণাধীন ওই ভবনটির পাশে ১৬ তলা শাওন টাওয়ার এবং ডমিনো বিল্ডার্সের একটি ১০ তলা নির্মাণাধীন ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। রাস্তা ধসের ফলে ওয়াসার পানি ও সুয়্যারেজ লাইন ফেটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় সকাল থেকেই পুরানো পল্টন এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
৩৬ নং ওয়ার্ড কমিশনার খন্দকার আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরানা পল্টন পুল পাড় নামে পরিচিত ৩৭/২ পুরানা পল্টনে এফই শরফুজ্জামান নামে এক ব্যাক্তি প্রায় তিন মাস আগে ২০ তলা ভবনের নির্মাণ কাজ শুরু করেন। তার প্রকৃত জমি ৯৪ ও ৯৫ নাম্বার দাগে হলেও ৬৫ নং দাড়ের দেবোত্তর সম্পত্তি দখল করে ভবন নির্মাণ করছিলেন তিনি।
রাস্তার পাশের ফুটপাতের প্রায় ১০ ফুট জায়গা দখল করায় ডিসিসি, বিদ্যুত সরবরাহ লাইনের কাছাকাছি হওয়ায় ডেসা এবং স্থানীয় ওয়ার্ড কমিশনারের পক্ষ থেকে এর আগে শরফুজ্জামানকে নোটিশ দেওয়া হলেও তিনি নির্মাণ কাজ চালিয়ে যান।
পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই রোখসানা পারভীন জানান, সকালে দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
