বিচারপতি ফয়জীর ছুটি অনুমোদন করেননি প্রধান বিচারপতি
সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর এ পর্যন্ত করা ছূটির আবেদনের একটিও অনুমোদন করেননি প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট সূত্রে সোমবার এই তথ্য জানা গেছে।
ফলাফল জালিয়াতির বিষয় প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ বিচারপতি ফয়জীসহ দুই হাজার ৪শ জনের সনদ বাতিল করে দেয়। এরপর গত ১০ মার্চ বিচারপতি ফয়জীসহ ৫০ জনের সনদ বাতিলের গেজেট প্রকাশ করে বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ।
৪ মার্চ বিষয়টি পত্রিকায় প্রকাশিত হলে বিচারপতি ফয়জী সেদিন বিচারকাজে না বসে একদিনের ছুটির আবেদন করেন। পরদিন তিনি ছুটির মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত বাড়ানোর আবেদন জানান। ১৫ মার্চ ফের ২৫ মার্চ পর্যন্ত ছুটির আবেদন করা হয়। এরপর তিনি আর ছুটির আবেদন জানাননি।
নাম প্রকাশে অনিচ্ছূক সুপ্রিম কোর্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সাংবাদিকদের জানান বিচারপতির ফয়জীর ছুটির আবেদনের একটিও অনুমোদন করেননি প্রধান বিচারপতি।
এদিকে, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের রাষ্ট্রপতির নির্দেশের অনুলিপি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে গত ২৭ মার্চ প্রধান বিচারপতির কাছে পৌঁছে। ২৮ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রথম বৈঠক হয়। সোমবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আনুষ্ঠানিক কোনো বৈঠক না বসলেও কাউন্সিল কাজ চালিয়ে যাচ্ছে বলে সুপ্রিম কোর্টের ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান।
বিচারপতি ফয়জী সোমবার সকালে সুপ্রিম কোর্টে তার চেম্বারে আসেন। বিকালে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
ফয়সল মাহমুদ বিচারপতি ফয়জীর এলএলবি সনদ বাতিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গত ১৯ মার্চ হাইকোর্ট স্থগিত করে দেয়।
