যুক্তরাষ্ট্র থেকে মহিউদ্দিনকে পাঠানোর আদেশ ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিত
মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী একে এম মহিউদ্দিন আহমেদকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। বিবিসি রেডিওর বাংলা সার্ভিস শনিবার এ খবর দিয়েছে।
বিবিসি রেডিও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাইন্থ সার্কিট কোর্টের ডেপুটি ক্লার্ক রব ওয়াগনারকে উদ্ধৃত করে জানায়, মহিউদ্দিনের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নেয়। ওই আইনজীবী যুক্তরাষ্ট্রে মহিউদ্দিনের থেকে যাওয়ার আবেদন পুনর্বিবেচনা করতে ওই আবেদন জানিয়েছিলেন।
গত বুধবার দুপুর ১২ টায় থাই এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে গ্রহণ করার জন্য জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম বুধবার বিকেলে নফহবংি২৪.পড়স কে বলেন, “মহিউদ্দিনকে গ্রহণ করার জন্য আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু তাকে পাঠানোর প্রক্রিয়া অপাতত কয়েকদিন স্থগিত রাখা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে ।”
যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ ১৩ মার্চ ৬০ বছর বয়সী মহিউদ্দিনকে তার লস এঞ্জেলসের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে লস অ্যাঞ্জেলেসের মান পেডরো শহরের টার্মিনাল আইলান্ড ডিটেনশন সেন্টারে রাখা হয়।
১৯৯৬ সালে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর মহিউদ্দিন স্থায়ীভাবে সেখানে বসবাসের আবেদন করেছিলেন। কিন্তু গত মাসে সান ফ্রান্সিসকোর আদালত তার আবেদন নাকচ করে দেয়।
১৯৯৮ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে আদালত সাবেক সেনা কর্মকর্তা এ কে এম মহিউদ্দিনসহ ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। হাইকোর্ট এদের মধ্যে তিনজনকে বেকসুর খালাস দিয়ে ১২ জনের রায় বহাল রাখে।
