নারায়ণগঞ্জের আরো একটি খামারে বার্ড ফ্লু ভাইরাস
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা প্রশাসন বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কায় ১৭৪টি হাঁস--মুরগি খামার বন্ধ করে দিয়েছে। এছাড়া নতুন করে উপজেলার একটি মুরগি খামারে ধরা পড়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।
প্রশাসন সূত্রে জানা গেছে, বন্ধ করে দেওয়া খামারগুলোতে হাঁস--মুরগি প্রবেশ এবং বের করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় ধামগড় ইউনিয়নের মালিভিটা গ্রামে বার্ড ফ্লু সংক্রামিত জয়না মুরগির খামারের অবশিষ্ট ৪শ ৬৮টি মুরগি নিধন করে মাটিচাপা দেওয়া হয়।
নতুন করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত মুরগির সন্ধান মিলেছে সোনারগাঁও উপজেলার কাদিরগঞ্জ এলাকার আবদুল মতিনের খামারে। ওই খামারে একসঙ্গে দেড়শো মুরগির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রশাসনের নজরে আসার পর পরই সেখানে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আর তাহের জানিয়েছেন, সোনাকান্দা পোল্ট্রি ফার্মের মৃত মুরগির ল্যাবরেটরি রিপোর্ট তাদের হাতে পৌঁছেছে। ওই রিপোর্টে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সনাক্ত করা হয়েছে।
তিনি আরো জানান, বন্দরের ১৭৪ টি পোল্ট্রি ফার্মের মধ্যে আক্রান্ত হয়েছে সোনাকান্দায় দুটি, পূর্ব কল্যানদীতে একটি ও মালিভিটা গ্রামে একটি।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার খামার মালিকদের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়েছে।
বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা খামার মালিকদের জানান, “আতংকিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী হোসেন বন্দরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে বলে জানিয়েছেন।
উলে¬খ্য, বন্দরের চারটি মুরগি খামারে বার্ড ফ্লু আক্রান্ত প্রায় ২০ হাজার মুরগি এরই মধ্যে মারা গেছে কিংবা নিধন করা হয়েছে।
