২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ও পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এবং পানিতে ডুবে বুধবার দুপুরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হলেন, রাশেদুজ্জামান সুমন এবং বিক্রম দাশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 10:15 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

পুলিশ জানিয়েছে, নগরীর ষোল শহর দুই নম্বর গেইট এলাকায় বুধবার পৌনে দুইটার দিকে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে রিকশারোহী সুমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। সুমন গত বছর সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছিলেন। নগরীতে তিনি বিবির হাট এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।  

খুলশী থানার এসআই রবিউল হোসেন জানান, পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় চালক আবদুল কুদ্দুস এবং ট্রাকটি আটক করেছে।

এদিকে বুধবার সকালে বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গিয়ে দক্ষিণ ক্যাম্পাসের গোল পুকুরে সাঁতার কাটতে নামে বিক্রম দাশ। সাঁতার শেষে একে একে তার সব বন্ধুরা পুকুর থেকে উঠে এলেও বিক্রম পানিতে তলিয়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।

তার বাড়ি সীতাকুন্ড উপজেলার কেদারখেল গ্রামে। বাবার নাম রায়মোহন দাশ। 

এ ঘটনায় বিক্রমের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করেছে হাটহাজারী থানা পুলিশ।

হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মোছাম্মৎ শিউলি জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।