২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বার্ড ফ্লু আতংক কমেনি, তবে বিক্রি কমেছে

চট্টগ্রামে এখন পর্যন্ত বার্ড ফ্লু সংক্রমণের কোনো সংবাদ পাওয়া না গেলেও লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। এর প্রভাব পড়েছে নগরীর বিভিন্ন খোলাবাজারে। অতীতের যেকোনো সময়ের চেয়ে ফার্মের মুরগি বিক্রি কমে গেছে লক্ষ্যণীয় মাত্রায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 07:52 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

নগরীর অভিজাত কাঁচাবাজার হিসেবে পরিচিত কাজীর দেউড়ী বাজারের মুরগি ব্যবসায়ী মমিনুল ইসলাম নফহবংি২৪.পড়স --কে বলেন, “আমাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। সারাদিন অপেক্ষার পর ফার্মের মুরগি বিক্রি করতে পেরেছি মাত্র চারটি। যেখানে স্বাভাবিক সময়ে বিক্রি হতো ৮০টিরও বেশি।”

বৃহস্পতিবার বিকালে তিনি বলেন, “আগে যেখানে ক্রেতাদের ভিড় থাকতো সারাদিন সেখানে এখন দিনের অধিকাংশ সময় ফাঁকা পড়ে থাকে। নিজেদের আয় নেমে গেছে শুন্যের কোঠায়, মুরগির খাবার জোগাড়ের টাকাই উঠছে না।”

এই বাজারের অপর এক ব্যবসায়ী মো. আলম জানান, গত সপ্তাহে ঢাকায় বার্ড ফ্লু ধরা পড়ার পর থেকেই মুরগি বিক্রি একদম কমে গেছে। ফার্মের মুরগির পাশাপাশি দেশি মুরগিও বিক্রি  হচ্ছে না। স্বাভাবিকভাবে মুরগির দামও কমে গেছে।

তিনি বলেন, গত শুক্রবার মুরগি বিক্রি হয়েছে ১০০/১০৫ টাকায়, সেখানে এখন ৮৫/৯০ টাকা দরেও বিক্রি হচ্ছে না। বিকাল চারটা পর্যন্ত তিনি দেশি ও ফার্ম মিলিয়ে মাত্র ১৫টি  মুরগি বিক্রি করতে পেরেছেন বলে জানান।

কাজীর দেউড়ী বাজারের মতো একই চিত্র নগরীর আরেকটি বড় কাঁচাবাজার চক বাজারেও। সেখানে শুধু মুরগি বিক্রিই নয়, ডিম বিক্রিও কমে গেছে। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা শংকিত হয়ে পড়েছেন।

আবদুর রব নামে একজন মুরগি ব্যবসায়ী বলেন, “এ অবস্থা আরও কয়েকদিন চলতে থাকলে আমাদের পথে বসতে হবে। আগের চেয়ে বিক্রি কমে গেছে দশ ভাগের একভাগ। এখন সারাদিনে মাত্র ১০ থেকে ১৫টি মুরগি বিক্রি হচ্ছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের আনা মুরগি এখনও বিক্রি করে শেষ করতে পারিনি, তাই নতুন মুরগি আনার প্রশ্নই ওঠেনা।

এই বাজারের পাইকারী ডিম ব্যবসায়ী করিম উল্লাহ জানান, ক্রেতাদের আগ্রহ কমে যাওয়ায় ডজন প্রতি ডিমের দাম দুই/তিন টাকা পড়ে গেছে।

তিনি বলেন, “গত সপ্তাহে ডিমের দাম ছিল ৫৪ টাকা ডজন। আর বার্ড ফ্লুর সংবাদে বিক্রি কমে যাওয়ায় দাম কমানো ছাড়া কোনো উপায় ছিল না আমাদের।”

এদিকে চট্টগ্রাম ডেইরি এন্ড পোলট্রি ফার্ম এসোসিয়েশন এবং বৃহত্তর চট্টগ্রাম পোলট্রি ফার্ম এসোসিয়েশন বার্ড ফ্লু প্রতিরোধে ও জনগণের মধ্যে আতংক দূর করতে এক সেমিনারের আয়োজন করে।

বৃহস্পতিবার বিকালে চিটাগাং প্রেসক্লাবে আয়োজিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, জনস্বাস্থ্য ও জনসচেতনতা শীর্ষক এই সেমিনারে বক্তারা ক্রেতা সাধারণ ও খামার মালিকদের আতংকিত না হওয়ার অনুরোধ জানান। তারা বলেন, সারা দেশের মতো চট্টগ্রামে যাতে ভাইরাসজনিত এই ব্যাধি মহামারি আকারে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তারা বলেন, সরকার ও পশু সম্পদ বিভাগের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে বার্ড ফ্লু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তাই কারও আতংকিত হওয়ার কোনো কারণ নেই।

সেমিনারে মূল প্রবন্ধে পশু সম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপ--পরিচালক আবদুল লতিফ বলেন, এ রোগের কোনো টিকা নেই। তাই প্রতিরোধই একমাত্র ব্যবস্থা। সেজন্য হ্যাচারি ও খামারী মালিকদের সতর্ক থাকতে হবে।

সেমিনারে খামার মালিকরা চট্টগ্রামের বাইরে থেকে মুরগি, ডিম ও একদিনের বাচ্চা আনা নিষিদ্ধ করায় এখানকার হ্যাচারি মালিকরা যাতে বাচ্চার মূল্য বাড়িয়ে না দেয় সেজন্য একটি কমিটি করারও আহবান জানান।

এ প্রসঙ্গে উপ--পরিচালক আবদুল লতিফ জানান, হ্যাচারি ও খামার মালিকদের নিয়ে এ বিষয়ে শিগগির বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য খামার মালিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মহিউদ্দিন আহমদ, চিটাগাং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডা. সাইফুদ্দিন, চিটাগাং ডেইরি এন্ড পোলট্রি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহেদুল আলম কাদেরি, বৃহত্তর চট্টগ্রাম পোলট্রি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিটন চৌধুরী প্রমুখ।