ফরিদপুরে দুর্নীতি ও অনিয়মের তদন্ত শুরু করেছে দুদক
ব্যাংকের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বৃহত্তর ফরিদপুরে দুটি প্রতিষ্ঠান ও কয়েকজনের নামে একটি তালিকা তৈরি করা হয়েছে। এসব ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে বলে ফরিদপুর দুর্নীতি দমন কমিশন অফিস সূত্রে জানা গেছে।
সারাদেশে দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো ফরিদপুরে তালিকা তৈরি করা হলো। অভিযুক্তদের মধ্যে রয়েছে দুইটি সরকারি প্রতিষ্ঠান, তিনজন সরকারি কর্মকর্তা, চারজন রাজনৈতিক নেতা ও একজন পৌর চেয়ারম্যান।
সূত্রটি জানিয়েছে, প্রতিষ্ঠান দুটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজবাড়ী অফিস ও সোনালী ব্যাংক, ভাঙ্গা শাখা। রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডে দরপত্রে অনিয়ম এবং দুর্নীতি, তিন সরকারি কর্মকর্তা ও এক পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে সোনালী ব্যাংক, ভাঙ্গা শাখার আড়াই কোটি টাকারও বেশি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
সরকারি তিন কর্মকর্তা হচ্ছেন নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ও একই প্রতিষ্ঠানের বর্তমান গণসংযোগ কর্মকর্তা ও ফরিদপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং গোপালগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হাসমত আলী সিকদার চুন্নু।
এ ছাড়া চার রাজনৈতিক নেতা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক ফরিদপুর জেলার কামারখালীর মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ মোজাফফর আলী মুছা, ফরিদপুরের ব্যবসায়ী ও বিএনপি নেতা ফেলা মাতুব্বর ও ফরিদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার চাঁদ।
কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই তদন্ত কাজ শুরু হয়েছে।
ফরিদপুরের দুদক উপ--পরিচালক শেখ মো. ফানালিল্লাহ জানিয়েছেন, উচ্চ পর্যায় থেকে নির্দেশ আসার পর গোপালগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হাসমত আলী সিকদারের দুর্নীতির তদন্ত এরই মধ্যে শুরু করেছেন তিনি।
