রাজধানীতে বাসে ডাকাতির সময় তিনজনকে গণধোলাই
রাজধানীর যাত্রাবাড়িতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির সময় জনতা তিন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়েছে। আহত তিন ডাকাতের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী বিলাস পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো--জ--১৪২৬) যাত্রাবাড়ী মৎস্য আড়তের সামনে থেকে ছয়/সাত জন যাত্রীবেশী ডাকাত ওঠে। বাসটি কাজলায় পৌঁছলে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল লুট করে নেয়।
এরপর তারা ধনিয়া বাঁশপট্টির সামনে নেমে যাওয়ার সময় যাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাত দলকে ঘিরে ফেলে। জনতা এ সময় ডাকাত দলের সদস্য মো. শফিকুল ইসলাম, কামরুজ্জামান ও জসিমউদ্দিন ওরফে সুমনকে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে যাত্রাবাড়ী থানার একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ডিএমসিতে নিয়ে যায়। এদের মধ্যে প্রথম দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সুমন পুলিশি পাহারায় ডিএমসিতে চিকিৎসাধীন।
যাত্রাবাড়ী থানার এসআই ইমদাদুল হক নফহবংি২৪.পড়স কে জানান, এ ব্যাপারে বাসযাত্রী মো. শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে বাস চালক লাভলু শেখকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
