সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে সমিতির নির্বাচন স্থগিত করা হয়। আগামী ২৮ ও ২৯ মার্চ সুপ্রিমকোট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ধার্য ছিল।
আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিনের বরাবরে পাঠানো ওই আদেশে বলা হয়েছে। “আগামী ২৮ ও ২৯ মার্চ তারিখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০০৭-২০০৮ সালের নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন বিশেষ কারণে আপাতত স্থগিত করা হল। গত ২১ মার্চ এ বিষয়ে দেওয়া অনুমতিপত্র বাতিল করা হল। ডিএমপি কমিশনারের এ আদেশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি গোয়েন্দা শাখার উপ কমিশনার, রমনা অঞ্চলের উপ কমিশনার, এবিসি ও এসি এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি ঊর্ধ্বতন সূত্র নফহবংি২৪.পড়স কে জানিয়েছে জরুরী অবস্থার সময় ঘরোয়া সভা নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা এ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাতে রাজধানীর জিনজিরা হোটেলে সভা করেছে। এরই পরিপ্রেক্ষিতে সমিতির নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়।
সমিতির সম্পাদক অ্যাডভোকেট আমিনউদ্দিন কে বলেন, “আমরা সরকারের কাছে নির্বাচন স্থগিত করার কারণ জানতে চাইবো।”
এদিকে নির্বাচন স্থগিত হওয়ায় বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শিগগরিই সভা ডাকবে। তবে বিষয়টি নিয়ে প্রার্থীদের মনে হতাশা নেমে এসেছে। আওয়ামী লীগ সমর্থক আইনজীবী নেতার উদ্ভুত পরিস্থিতিতে বিকালে সমিতির সভাপতির কক্ষে এক জরুরি ঘরোয়া সভা করেছেন। এতে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ, সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন, সহ সভাপতি আবদুল মান্নান খান, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক প্রার্থী শেখ আওসাফুর রহমান, এডভোকেট সুব্রত চৌধুরী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি আবদুল মান্নান খান সাংবাদিকদের বলেন, আইনজীবীরা আইনের শাসন ও মানবাধিকারে বিশ্বাস করে। আইন অনুযায়ী বিধি নিষেধ মেনে আমরা কাজ করব।
সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ১৯৮১ সালে সামরিক শাসনের সময় একবার সমিতির নির্বাচন এক মাসের জন্য স্থগিত করা হয়েছিল। তখন বিদ্যমান কমিটিই দায়িত্ব পালন করেছিল। সরকার শীঘ্রই সমিতির নির্বাচনের ওপর স্থগিতাদেশ তুলে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
