২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে নির্দোষ দাবি করেছেন মোহাম্মদ জকরিয়া

নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ জকরিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটি সোমবার কমিশন সচিবের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া মোহাম্মদ জকরিয়া তদন্ত কমিটির কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 06:21 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কমিশনের এই সাবেক কর্মকর্তা শুক্রবার ছুটির দিনে তার কক্ষ থেকে ১২ বস্তা নথিপত্র সরিয়ে ফেলেছেন বলে অভিযোগ ওঠায় কমিশনের উপ সচিব আহমেদ মোরশেদের নেতৃত্বে রোববার তদন্ত কমিটি করা হয়। অভিযোগ আছে, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মাদ সাইবুরকে দিয়ে জকরিয়া ওই সব ফাইলপত্র বাসায় নিয়ে যান।

কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির এ বিষয়ে সোমবার সাংবাদিকদের বলেন, “এটি কোনো আনুষ্ঠানিক তদন্ত কমিটি নয়। মোহাম্মদ জকরিয়া নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে কেনো ছুটির দিনে তার কক্ষ থেকে কাগজপত্র নিয়ে গেলেন, সেখানে কোনো জরুরি ফাইলপত্র আছে কী না -- এ সব খতিয়ে দেখার জন্য আমরা একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলাম। জকরিয়া কমিশনকে বলেছেন, তিনি ব্যক্তিগত বইপত্র নিয়ে গেছেন। আমরা বিষয়টি যাচাই করে দেখছি।”

এক প্রশ্নের জবাবে সচিব জানান, নথিপত্র নিয়ে যাওয়ার কাজে কমিশন সচিবালয়ের যে সব কর্মকর্তা -- কর্মচারী জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তা -- ভাবনা চলছে।  

এর আগে পদত্যাগী নির্বাচন কমিশনার স ম জাকারিয়াও ছুটির দিনে একইভাবে তার কক্ষ থেকে নথিপত্র সরিয়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে।