মেডিকাল প্রদর্শনী মেডেক্সপো শুরু হয়েছে
স্বাস্থ্যসেবা খাতে দিনদিন পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে নেই। হৃদরোগ থেকে শুরু করে অনেক জটিল রোগের ভালো চিকিৎসা আজকাল দেশেই সম্ভব। স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে শুধু ডাক্তাররাই যে জড়িত থাকে তা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে চিকিৎসা পূর্ববর্তী বা পরবর্তী সেবা এবং আরো নানান কিছু। সেসবকেই এক ছাতার নিচে জড়ো করা হয়েছে ‘মেডেক্সপো ২০০৬’ নামের মেডিকাল প্রদর্শনীতে।
চতুর্থবারের মতো আয়েজিত এই আন্তর্জাতিক মেডিক্যাল প্রদর্শনী ঢাকার শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে শুরু হয়েছে ২২ মার্চ। এতে অংশগ্রহন করেছে বাংলাদেশ, চীন, জাপান, ভারত, জার্মানি, আমেরিকা, বেলজিয়াম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ৩৮টি চিকিৎসা সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বিভিন্ন হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইত্যাদি।
প্রদর্শনী চলাকালীন অর্থোপেডিক্স, ক্যান্সার, ইএনটি এবং হৃদরোগের রোগীরা বিনামূল্যে দেশী বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সেবা নিতে পারবেন বলে জানানো হয়েছে।
তিনদিন ব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ২৪ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। কোন প্রবেশ মূল্য লাগবে না।
