২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারুন অর রশীদ ও এনায়েতুর রহমান বাপ্পি কারাগারে

র‌্যাবের হাতে গ্রেপ্তার বিএনপির সাবেক সাংসদ হারুন অর রশীদ, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী এবং গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেকের জামিন আবেদন নাকচ করে বুধবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে প্রথম দুজনকে কারাগারে ডিভিশন ও চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 09:46 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে তিনটায়  র‌্যাব সদস্যরা তাদের তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তেজগাঁও থানা পুলিশ জরুরী ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের বিকেল সাড়ে পাঁচটায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ সালামের আদালতে হাজির করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের জন্য এক মাসের আটকাদেশের প্রস্তাব করেন। অন্যদিকে বাপ্পি, হারুন অর রশীদ এবং ইশতিয়াক সাদেকের আইনজীবীরা তাদের জামিন আবেদন জানান।

পুলিশি প্রতিবেদনে বলা হয়, আসামীরা পরস্পর যোগসাজশে বেশি দামের গাড়ি কম মূল্য দেখিয়ে আমদানি করেছেন এবং কর ফাঁকি দিয়ে ওই টাকা বিদেশে পাচার করেছেন। 

শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে আদালত তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।    

পরে কড়া পুলিশি পাহারায় তিনজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আন্ডার ইনভয়েসের মাধ্যমে জীপ আমদানি এবং মেয়াদপূর্তির আগেই তা বিক্রির অভিযোগে  মঙ্গলবার র‌্যাব-- ২ এর সদস্যরা এনায়েতুর রহমান বাপ্পীর ব্যবহৃত জার্মানির তৈরি ‘হামার’ ব্রান্ডের (ঢাকা মেট্রো-ঘ১১-৬১৯৫) গাড়িটি জব্দ করে।

পরে এনায়েতুর রহমান, সাবেক সাংসদ হারুন অর রশীদ এবং স্কাই মটরসের মালিক ইশতিয়াক সাদেককে র‌্যাব কার্যায়ে ডেকে এনে আটক করা হয়। 

হারুন অর রশীদ শুল্কমুক্ত সুবিধায় ওই গাড়িটি আমদানি করেছিলেন। পরে তিনি গাড়িটি স্কাই মটরসের কাছে বিক্রি করে দেন। কিন্তু শুল্ক মুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি তিন বছরের আগে বিক্রির কোন নিয়ম নেই।