নারায়ণগঞ্জে ট্যাক্সিক্যাব, ট্রান্সফরমারসহ ১৫ কোটি টাকার চোরাই মাল উদ্ধার
ঢাকা---নারায়ণগঞ্জ লিংক রোডের একটি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে একটি ট্যাক্সি ক্যাব ও ৭টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ প্রায় ১৫ কোটি টাকার চোরাই যন্ত্রসামগ্রী উদ্ধার করেছে র্যাব।
র্যাব -১১ এর সদস্যরা বুধবার সন্ধ্যায় র ফতুল্লার সস্তাপুরে অবস্থিত হারুন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কারখানা থেকে এসব যন্ত্রসামগ্রী আটক করে। আটক করা মালামালের কোনো কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিক হারুণ অর রশিদকে (৪৫)কে।
র্যাব সূত্র জানায়, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ডেসা’র চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক সামগ্রী, বিশেষ করে ট্রান্সফর্মার ও তার হারুন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিক্রি করা হতো। এর সঙ্গে ডেসার এক শ্রেণীর অসাধু কর্মীও জড়িত। গত এক বছরে ডেসা’র নারায়ণগঞ্জ অঞ্চলেই ১০টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।
চোরাই ট্যাক্সিক্যাবটি ওই কারখানায় রঙ পরিবর্তন করে প্রাইভেট কারে রূপান্তরিত করে বিক্রির প্রক্রিয়া চলছিল বলে ধারনা করা হচ্ছে।
