২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের অধিকার রদ হওয়ায় প্রতিক্রিয়া জানালেন আইনজীবীরা

সরকার বিভিন্ন মামলায় জামিনের আবেদন করার অধিকার স্থগিত করায় দেশের সিনিয়র আইনজীবীদের অনেকে বলেছেন, দেশে জরুরি অবস্থা চলাকালে এরকম আইন হতে পারে। জামিন দেওয়া বন্ধ রাখলে মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 09:06 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ভিন্নমতও প্রকাশ করেছেন কয়েজন। তাদের যুক্তি যে কোন আইনে জামিন চাওয়ার বিধান থাকা উচিত।  মৌলিক অধিকার ও আইনের শাসন বজায় রেখে অধ্যাদেশ প্রণয়ন করা উচিত।

জরুরি ক্ষমতা বিধিমালা সংশোধন করে জামিনের অধিকার রহিত করা প্রসঙ্গে  সিনিয়র আইনজীবী এম জহির সাংবাদিকদের বলেন, দেশে জরুরি অবস্থা চলাকালে এরকম আইন হতে পারে। তাছাড়া এখন তো মৌলিক অধিকার স্থগিত রয়েছে। দুর্নীতিমুক্ত নির্বাচনের জন্য বর্তমান সরকার প্রয়োজন মনে করেছে বলে আইনটি করেছে। জামিনের প্রশ্নে তিনি বলেন, অভিযুক্তদের বিচার তো ৪৫ দিনের মধ্যেই হয়ে যাবে।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, জামিন বন্ধ করে আইন এদেশে এটাই প্রথম নয়। জরুরি অবস্থায় এসব আইন করার বৈধতা রয়েছে। বিচারকাজ দ্রুত শেষ করার জন্য আইনটি করা হয়েছে। জামিন বন্ধ রাখলে মামলার দ্রুত নিষ্পত্তি হতে পারে। অনেকে হাইকোর্টে আসেন মামলার শুনানি দীর্ঘায়িত করার জন্য।

তিনি আরও বলেন, এ আইনের ফলে ভীতি থাকবে এটাই স্বাভাবিক। কারণ, জনগন এ আইনের সঙ্গে অভ্যস্থ নয়। সরকার দুর্নীতির বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিতে যাচ্ছে তা ভাল বলে তিনি মন্তব্য করেন।

তবে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, অধ্যাদেশটি মৌলিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থি। যে কোন আইনে জামিন চাওয়ার বিধান থাকা উচিত। আদালত বিচার বিবেচনা করে দেখবে জামিন দেওয়া যায় কি না।

তার মতে, গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় সর্বোচ্চ আদালতের ক্ষমতা খর্ব করা উচিত নয়। জননিরাপত্তা আইনটি করার সময় জামিনের বিধান ছিল না। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের হস্তক্ষেপে জামিনের বিধান সংযোজন করা হয়েছিল।

সিনিয়র অ্যাডভোকেট টিএইচ খান বলেন, ব্রিটিশ, পাকিস্তান, আইয়ুব, মোস্তাকসহ সব শাসনামলে জামিনের বিধান বহাল ছিল। মৌলিক অধিকার স্থগিত রাখার সুযোগে জামিনের বিধান না রেখে এই অধ্যাদেশ করা হয়েছে। তিনি এটিকে  অভিনব অধ্যাদেশ অভিহিত করে বলেন, মৌলিক অধিকার ও আইনের শাসন বজায় রেখে অধ্যাদেশ প্রণয়ন করা উচিত।

প্রসঙ্গত, গত বুধবার প্রজ্ঞাপন আকারে প্রকাশিত  জরুরি ক্ষমতা বিধিমালার  সংশোধনীতে বলা হয়েছে, জরুরি অবস্থায় কোন অপরাধ অনুসন্ধান, তদন্ত ও বিচার চলাকালে কোন অভিযুক্ত ব্যক্তি কোন আদালতে বা ট্রাইবুনালে জামিনের আবেদন করতে পারবে না। এছাড়া চূড়ান্ত রায়ের আগে  উচ্চতর কোন আদালত বা ট্রাইবুনালে প্রতিকার চাওয়া যাবে না। বিচার শুরু হওয়ার ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি হতে হবে।