২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবিভাগে কালিমা লেপনে বিচারক ও আইনজীবীরা সমান দায়ী: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, বিচার বিভাগে কালিমা লেপনের জন্য বিচারক ও আইনজীবীরা সমানভাবে দায়ী। তিনি এই কালিমা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায় তাকে বুধবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

সমিতির অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন, আইনজীবীদের মধ্যে অতীতে যে সুসম্পর্ক ছিল তা কেন ধরে রাখা গেল না? তিনি এরপর বলেন,  নিকট অতীতে যা কিছু ঘটেছে তা ভুলে যেতে হবে। বিচার বিভাগকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, অতীতে এ প্রতিষ্ঠানে যেসব ঘটনা ঘটেছে তা এক পক্ষের কারণে ঘটেনি। একটি ঘটনা ঘটতে প্রতিপক্ষ প্রয়োজন। আসুন আমরা তিক্ততা ভুলে যাই। তিক্ততা মনে রেখে কখনো ভাল কিছু করা যায় না। এ প্রতিষ্ঠানে কালিমা লেপন হলে বিচারক ও আইনজীবী উভয়পক্ষই সমান ভাবে দায়ী হবেন।

প্রধান বিচারপতি আইনজীবীদের সমস্যা ও অসুবিধা নিরসনে আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. কামাল হোসেন বেঞ্চ ও রায়ের সম্পর্ক পুনুরুদ্ধার করার আহ্বান জানিয়ে বলেন. বিচার বিভাগের অতীত ঐতিহ্য পুনপ্রতিষ্ঠা করতে হবে।

ব্যারিস্টার আমীর উল ইসলামও তার বক্তব্যে বেঞ্চ ও রায়ের সম্পর্ক উন্নয়ন করার ওপর জোর দেন।

ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, বিচার বিভাগের ওপর কালো হাতের থাবা পড়েছিল। সেই থাবা থেকে আজ বিচার বিভাগ মুক্তি পেয়েছে।

এটর্নি জেনারেল বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করেছে।

অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় ব্যারিস্টার আমীর উল ইসলাম। অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারকরা উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি ব্যারিস্টার আমীরুল উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার শফিক আহমেদ, টি এইচ খান, হাবিবুল ইসলাম ভূঁইঞা, এম হাফিজুল্লাহ, ড. রফিকুল রহমান, ওজায়ের ফারুক, মাহবুবে আলম, সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রফিক উল হক ও সমিতির সম্পাদক এ এম আমিন উদ্দিন।