বিচার বিভাগে শৃঙ্খলা পুরুদ্ধারের আহ্বান জানালেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন বলেছেন, বিচার বিভাগের সকল ক্ষেত্রে শৃঙ্খলা পুনরুদ্ধার করে বিচারপ্রার্থী জনগনের আস্থা অর্জন করতে হবে । আন্তরিকতার মাধ্যমে আইনজীবী ও বিচারপতিদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ন সম্পর্ক পুনরুদ্ধার করতে হবে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত নতুন আইনজীবীদের সনদ বিতরণ ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আইন পেশাকে এক অপ্রতিদ্বন্দী পেশা অভিহিত করে সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি বলেন, আইনের জ্ঞান এ পেশার প্রধান অস্ত্র। একাগ্রতা থাকলে এ পেশায় সফলতা অর্জন করা যায়। তিনি পেশাগত নৈতিকতা, আচরণবিধি, আদালত ও বিচারপ্রার্থী মানুষের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আদালত অঙ্গনসহ সকল ক্ষেত্রে শৃঙ্খলা জরুরি। বিচার বিভাগের সর্বত্র শৃঙ্খলা পুনরুদ্ধার করতে হবে।
প্রধান বিচারপতি হাইকোর্ট ও জেলা আদালতে আইন পেশার জন্য তালিকাভুক্ত সাড়ে ৯শ আইনজীবীকে অনুষ্ঠানে শপথ পাঠ করান। তিনি তাদের উদ্দেশে বলেন, সফল আইনজীবী হতে ধৈর্য থাকতে হবে। এ পেশায় সফলতা আসতে সময় লাগে।
ড. কামাল হোসেন তার বক্তব্যে মাযদার হোসেন মামলার কথা উল্লেখ করে বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় পড়ে। আইনের শাসন, মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করাই আইনজীবীদের অঙ্গীকার হওয়া উচিত। জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠনের আহবান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সমাজে ন্যয়বিচার প্রতিষ্ঠিত হবে।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, আইনজীবী তালিকাভুক্তির জন্য সাময়িক সনদের বদলে এখন থেকে মূল সনদ নিয়ে আসতে হবে যাতে করে বিচারপতি ফয়জীর ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।
ব্যারিস্টার আমীর উল ইসলাম উচ্চ আদালতে বাংলা ও ইংরেজী পাশাপাশি চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়াতে আইনজীবীদের প্রতি আহবান জানান।
বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি কমিটির সভাপতি বিচারপতি তাফাজ্জাল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিচারপতি এম এ মতিন ও বার কাউন্সিল সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন।
