২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি কমিটির সুপারিশে দ্বৈত আধিপত্যের প্রস্তাব

ভিওআইপি বৈধ করা হলে কমে যাবে বৈধ পথে বিদেশে ফোন করার খরচ, টেলিফোন গ্রাহকদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যদি ভিওআইপি কমিটির সুপারিশ বাস্তবায়ন করে সরকার। তাদের প্রস্তাব বাস্তবায়ন করা হলে বেআইনি বৈদেশিক কল করার ব্যবসাও বন্ধ করা যাবে না বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 11:12 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ভিওআইপি বৈধ করার লক্ষ্যে গঠিত এই কমিটি তাদের সুপারিশে রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড বিটিটিবির পাশাপাশি আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানকে বৈদেশিক টেলিফোন নিয়ন্ত্রণের জন্য গেটওয়ে প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে। রোববার সরকারি ও বেসরকারি খাতে দ্বৈত আধিপত্যের এই সুপারিশমালা জমা দেওয়া হয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মির্জা আজিজুল ইসলামের কাছে।

কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, “কোনো আইএসপি, কিংবা ফিক্সড ফোন বা মোবাইল কোম্পানিকেই আন্তর্জাতিক টেলিফোন কল নিয়ন্ত্রণের গেটওয়ে স্থাপনের অনুমতি দেওয়া হবে না।” তিনি জানান, এর পরিবর্তে তৃতীয় একটি বেসরকারি কোম্পানিকে একটি গেটওয়ে স্থাপনের অনুমতি দেওয়া হবে। এই কোম্পানিকে সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা দেওয়া হবে, বিটিটিবির সাবমেরিন ক্যাবলের সঙ্গেও যুক্ত হবে তারা।

“আপাতত বেসরকারি টেলিফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বিটিটিবির গেটওয়েই ব্যবহার করতে হবে, তবে বেসরকারি খাতের ওই কোম্পানি প্রতিষ্ঠার পর সবাই সেটা ব্যবহার করতে পারবে”--- বলেছেন সাইফুল ইসলাম।

তার আশা, এই ব্যবস্থার মধ্য দিয়েও জনগণের পক্ষে কম খরচে বিদেশে ফোন করা সম্ভব হবে।

কিন্তু দেশের টেলিকম সেবা দাতা প্রতিষ্ঠানগুলো মোটেই এতে আশাবাদী হতে পারছে না।

নাম প্রকাশ না করার শর্তে দেশের বড় একটি মোবাইল কোম্পানির প্রধান নির্বাহী বলেন, “যে কোনো ব্যবসাতেই কোনো মধ্যস্থতাকারী থাকলে সরাসরি তার প্রভাব পড়ে দামের ওপর। এ ক্ষেত্রেও সেটাই সত্যি হবে।”

তাছাড়া বেসরকারি টেলিকম খাতে একাধিপত্যকারী ওই প্রতিষ্ঠানকেও বিটিটিবির সাবমেরিন কেবল ব্যবহার করতে হবে বলে ভালো সেবার গ্যারান্টিও দিতে পারবে না তারা। “দুর্বল অবকাঠামো ব্যবহার করতে হবে বলে বিটিটিবির মতোই সেবার মান নিচুই থেকে যাবে”--- বলেছেন তিনি।

এ ব্যাপারে শ্রীলঙ্কার সাবেক টেলিকমস রেগুলেটরি প্রধান রোহান সামারাজিভা নফহবংি২৪.পড়স কে বলেন, “আন্তর্জাতিক কল নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ রকম দ্বৈত আধিপত্যের কোনো উদাহরণ বিশ্বের কোথাও নেই।”

তিনি বলেন, বাংলাদেশ সরকারের বরং উচিত এ ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ব্যবস্থা চালু করা। তাহলে এ খাত থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তাও রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

সামারাজিভা বলেন, “অবৈধ আন্তর্জাতিক যোগাযোগ যেকোনো দেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এ হুমকি রুখতে হলে প্রতিযোগিতামূলকভাবে আন্তর্জাতিক গেটওয়ে লাইসেন্স প্রদান করতে হবে।” আন্তর্জাতিক টেলিফোন সেবা উদারিকরণের ক্ষেত্রে ভারত, পাকিস্তান ও শ্রীলংকার উদাহরণ বিবেচনা করার পরামর্শ দেন তিনি।