২ র্যাব সদস্য হত্যার কিনারা হয়নি, আরও ৫জন গ্রেপ্তার
একদিন পরও সাভারে দুই র্যাব সদস্যের হত্যায় জড়িতদের চিহ্নিত করা যায়নি। তবে রোববার নতুন করে গ্রেপ্তার হয়েছে ৫ জন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল টিবিসি ইটভাটার মালিক তারা মিয়া, তার ছেলে ফয়সাল ও ম্যানেজার মহসীনসহ আরো ২৪জনকে আটক করে র্যাব।
হত্যার ঘটনায় সাভার থানায় দায়ের করা মামলার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরো ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ ও র্যাবের সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করা হয়েছে।
গোয়েন্দা বিভাগ ও সাভার থানা পুলিশ রোববার আমিনবাজার ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে উপজেলার ধোবারই গ্রামের আনোয়ার হোসেন (৪০), আমিনবাজারের বড়দেশী এলাকার নুরুল ইসলাম (৩২), একই এলাকার সালে আহমেদ (৩৫), হাজারীবাগ থানার শ্যামপুর এলাকার ইমরান হোসেন (২৬) ও কেরানীগঞ্জের পাচকান করিম মাঝির হাট-এলাকার আলমগীর হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে।
অভিযানে নেতৃত্বদানকারী ঢাকা জেলা ডিবি’র এস আই আনোয়ার হোসেন জানান, হত্যার সঙ্গে গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম ও সালে আহমেদ জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঢাকা জেলা এডিশনাল এসপি ও তদন্তকারী কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
র্যাবের একটি সূত্র জানায়, যে মোবাইলে ফোনে কল করে র্যাব সদস্য মোঃ হুমায়ুন কবির ও মোঃ ফুল মিয়াকে ডেকে নেওয়া হয়েছিল সেই নম্বরের সূত্র ধরেই একাধিক গোয়েন্দা টিম মাঠে নেমেছে।
র্যাব-১১ সাভার ক্যাম্পের এ এস আই ওমর আলী জানান, শনিবার র্যাবের গোয়েন্দা দলের এই দুই সদস্য অস্ত্রের সন্ধানে আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজের পূব পাশে যান। সেখান থেকে মোবাইলে ফোন করে সন্ত্রাসীরা তাদের ডেকে নেয়। বিকেল সাড়ে তিনটার দিকে ওই এলাকার টিবিসি ইটভাটা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
রোববার ঘটনাস্থলের আশপাশের স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ৫/৬ জনকে হেঁটে টিবিসি ইট ভাটার দিকে যেতে দেখা যায়। এর প্রায় আধঘন্টা পর তারা দুটি শব্দ শুনে চমকে ওঠেন। কয়েক জনকে তখন পূর্ব দিকে দৌঁড়ে যেতে দেখা গেছে।
সাভার থানার এস আই মুর্তাজা কবির জানান, হত্যাকাণ্ডটি বিকাল ৩টার দিকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুজনেরই মাথার উপরে ডান পাশে রিভলবার দিয়ে ১টি করে গুলি করা হয়। গুলি মাথা ভেদ করে গেছে।
তিনি জানান সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাসহ বেশ কিছু আলামত জব্দ করেছে। আটক ২৪ জনকে র্যাব হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব জানিয়েছে, উপসহকারী পরিচালক হুমায়ুন কবির ও কনস্টেবল ফুল মিয়ার জানাজা রোববার উত্তরার র্যাব--১ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের আইজি নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার ও অতিরিক্ত মহাপরিচালকসহ র্যাব ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির নৌবাহিনী থেকে র্যাবে যোগ দেওয়ায় তার আরো একটি জানাজা ঢাকা সেনানিবাসের বিএনএস হাজী মহসীন-এ অনুষ্ঠিত হয়। নৌবাহিনী প্রধান সরোয়ার জাহান নিজাম জানাজায় শরিক হন।
দুই সন্তানের জনক হুমায়ুন কবির ১৯৮০ সালে নৌবাহিনীতে এবং ১৫ মে ২০০৬ তারিখে র্যাব-১১ ব্যাটালিয়নে যোগ দেন। আর ১৯৯৭ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এক সন্তানের জনক ফুল মিয়া র্যাব-১১তে যোগ দেন গত বছরের ৪ জুন তারিখে।
