কামাল মজুমদারসহ চারজনের আটকাদেশ অবৈধের রায় ১২ মার্চ পর্যন্ত স্থগিত
আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারসহ চারজনের আটকাদেশ অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় ১২ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারকের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। ওইদিন এই বিষয়ে পরবর্তী শুনানি হবে।
গত ২৬ ফেব্র“য়ারি বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কামাল আহমেদ মজুমদার, ওয়ার্ড কমিশনার কাইয়ুম খান, প্রশিকার উপপরিচালক আবুল কাশেম পলাশ ও এডাবের পরিচালক আমিনুল ইসলামের আটকাদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল।
জরুরি অবস্থা চলাকালে আটকাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টে প্রশ্ন তোলা যায় না এই যুক্তিতে সরকার আপিল বিভাগে আবেদন জানালে গত ২৮ ফেব্র“য়ারি হাইকোর্টের রায় ৫ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছিল।
সোমবারের শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন এটর্নি জেনারেল ফিদা এম কামাল। আটকাদেশপ্রাপ্তদের পক্ষে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
গত ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হলে ওই রাতেই কামাল মজুমদারসহ এই চারজনকে গ্রেফতার করা হয়। পরদিন তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়া হয়।
