২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ককে কার্যকর করতে সুশীল সমাজকে সম্পৃক্ত করার দাবি

সার্ককে কার্যকর করতে আর এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার দারিদ্র দূর করতে চাইলে দ্বিপাক্ষিক বিষয়গুলোও আলোচনায় আনতে হবে এই ফোরামে। সে সঙ্গে রাষ্ট্র নেতাদের পাশাপাশি আলোচনায় সম্পৃক্ত করতে হবে সুশীল সমাজের প্রতিনিধিদেরও। চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এক সেমিনারে এই পরামর্শ দিয়েছেন বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে “সংঘাত মুক্তি ও দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দক্ষিণ এশীয় গণসংহতি ও সার্ক” শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বক্তারা বলেন, একের এক সার্ক সম্মেলন হয়। স্বাক্ষরিত হয় নানা চুক্তি। ঘোষিত হয় নানা ঘোষণা। ফটোসেশন হয় বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের। কিন্তু জনগণের আশা-আকাক্সক্ষার কিছুই বাস্তবায়িত হয় না। প্রতিষ্ঠার দু দশকেও পানি, বিদ্যুত, গ্যাস, বন্দর ব্যবহার, সন্ত্রাস, সীমান্ত, সমূদ্র সীমা এবং নারী ও শিশু পাচারের মতো জনগণের অধিকার সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা না হওয়াকেই এর জন্য দায়ি করেন তারা। সার্কভুক্ত সবগুলো দেশের সঙ্গে ভারতের অভিন্ন সীমান্ত থাকায় এসব বিষয় নিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়া জরুরি।

তারা বলেন, সার্কভুক্ত দেশগুলোতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে, যাদের দৈনিক আয় এখনও এক ডলারের নীচে। বিশ্বের মোট দরিদ্র জনসংখ্যার এক পঞ্চমাংশেরও বসবাসও এখানে। শিক্ষার হার সর্বনিু এবং ৪০ শতাংশ জনগণ প্রাথমিক স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। তারপরও সার্ক দেশগুলো বছরে ২৫ হাজার মিলিয়ন ডলারের অস্ত্র আমদানি করে।

সার্ককে কার্যকর করতে তারা দক্ষিণ এশিয়ার এই ফোরামের শীর্ষ সম্মেলনে নেতারা যে সব বিষয় নিয়ে আলোচনা করবেন তা জনগণের কাছে উন্মুক্ত করে দেওয়া এবং সরকারের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট করার দাবি জানান।

আগামী ৩-৪ এপ্রিল নয়াদিল্লীতে অনুষ্ঠেয় সার্কের চতুর্দশ শীর্ষ সম্মেলনের আগে তত্ত্বাবধায়ক সরকারের কাছে উপস্থাপনের জন্য অনুষ্ঠানে খসড়া প্রস্তাবনাপত্র পেশ করেন সুপ্রর সৈয়দ আমিনুল হক।

তিনি বলেন, সার্ক উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যেমাত্রার মধ্যে সমন্বয় নেই। সার্ক যে ভাবে দারিদ্র দূর করার কথা ভাবছে তাতে ২০৬২ সালের মধ্যে কেবল ৫০ কোটি লোকের দারিদ্র দূর করা সম্ভব অথচ জাতিসংঘের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের মধ্যেই দারিদ্র অর্ধেক দূর করার কথা।

সার্ক সম্মেলনে সিভিল সোসাইটিকে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া ছাড়াও বক্তারা সার্ক উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা, সার্ক উন্নয়ন তহবিল গতিশীল করা, সার্ক অঞ্চলকে ভিসামুক্ত অঞ্চল ঘোষণা, দারিদ্র বিমোচনে অবাধ ও ন্যায্য বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়া, সার্ক অঞ্চলকে জেনেটিক্যালি মডিফায়েড খাদ্য মুক্ত করা এবং জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ধ্বংসের কারণে ১৯৯২ সালের জাতিসংঘ কনভেনশন অনুযায়ী ধনী দেশগুলোকে দরিদ্র দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করার দাবি জানান।

সেমিনারে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগী উপদেষ্টা সি এম শফি সামি এবং সুলতানা কামাল, আওয়ামী লীগের নেতা সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, বিএনপি নেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান, সাবেক সাংসদ লে: জে: (অব:) মাহবুবুর রহমান, আব্দুল মান্ন্ান এবং সরদার সাখাওয়াত হোসেন বকুল, জাসদের হাসানুল হক ইনু, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ জমির প্রমুখ।