অগ্নিগর্ভ কয়েকটি মুহূর্ত
আগুনের লেলিহান শিখা ক্রমেই নিচ থেকে উপরে উঠে আসছিল। তাড়াহুড়ো করে লোকজন নিচে নামতে গিয়ে ধোঁয়ায় পথ খুঁজে পাননি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সবার। সবাই তখন দৌড়ে আশ্রয় নেন বিএসইসি ভবনের ছাদে। সেখানে আটকে পড়া মানুষের সংখ্যা কত ছিল তার সঠিক কোনো হিসাব পাওয়া যায়নি। তবে এই সংখ্যা ৩০০শর কম না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাণ বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে বিএসইসি ভবনের ছাদ থেকে পাশের ভবনের ছাদে চলে যান অনেকেই। এই দৃশ্য ছায়াছবিকেও হার মানায়। যখন ফ্লোরগুলো জ্বলছে তখন তার ভিতর থেকে হাত নেড়ে রুমাল উঁচিয়ে, পরনের জামা খুলে বাঁচানোর আবেদন জানাচ্ছিলেন অনেকেই। কেউ কেউ ইট ছুঁড়েও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। আর যখনই একজন একজন করে মই বেয়ে নিচে নেমে আসছিলেন, নিচের লোকজন তখন চিৎকার করে আল্লাহকে স্মরণ করছিলেন তাদের সহায় হওয়ার জন্য। নেমে আসার পর যেন হাঁফ ছেড়ে বাঁচেন সবাই।
ভবন ও ছাদে আটকে পড়াদের সরিয়ে নিতে হেলিকপ্টারে মই ব্যবহার করা হয়।
ছাদে আটকে ছিলেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার। সেখান থেকে বিকেলে ৩টায় মই বেয়ে নেমে আসার পর কালো ধোঁয়ায় তাকে চেনার উপায় ছিল না। নফহবংি২৪.পড়স-কে তিনি বলেন, “পেছনের সময়গুলো মনে করলে এখন অবিশ্বাস্য বলে মনে হচ্ছে সবকিছু। আগুনের ফুলকি আর কালো ধোঁয়ায় বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের সবার ছিল আপ্রাণ চেষ্টা ও আকুতি। বিমান বাহিনীর উদ্ধারকারী দল যখন হেলিকপ্টার নিয়ে বিএসইসি ভবনের ওপর চক্কর দিচ্ছিল তখন অনেকের মনে আশা সঞ্চার হয়, এবার বুঝি বাঁচলাম!”
খায়রুল আনোয়ার ছিলেন শেষ ব্যক্তি যিনি তাঁর সতীর্থদের নামানোর পর নিজে নেমে আসেন খুব কষ্টে। তিনি বলেন, “১১ তলার ওপরে দাঁড়িয়ে ভবনের বিভিন্ন তলা থেকে উপরে উঠে আসা আগুনের কালো ধোঁয়া দেখে মনে হয়েছিলো এ যেন এক অন্য জগত। সে দৃশ্য না দেখলে বর্ণনা করা কঠিন।”
এনটিভির নিউজরুম এডিটর ফাহমিদা মাহবুব অনি ফোনে নফহবংি২৪.পড়স কে বলেন, “সকালে ডিউটি ছিল। হঠাৎই খবর পাই, দোতলায় আগুন লেগেছে। আমাকে ক্যামেরাম্যান পাঠাতে বলা হয়। বেলা ১১টার দিকে নিচে নামতে গিয়ে দেখি পিঁপড়ার মতোন মানুষজন সব উপরে উঠে আসছে। আমরাই দৌড়ে ছাদে চলে যাই। যে যার মতো আত্মীয়স্বজনদের খবর দিতে শুরু করি। মনে হচ্ছিল না আমরা আর বাঁচবো। এমন সময় হেলিকপ্টার আসে। সিদ্ধান্ত হয়, প্রথমে মেয়েদের তুলে দেওয়া হবে তাতে। কিন্তু আত্মরক্ষার্থে সবাই মরীয়া হওয়ায় শেষপর্যন্ত তা আর ঠিক থাকেনি। এসময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। তবে শেষপর্যন্ত আমিই প্রথম সুযোগ পাই হেলিকপ্টারে উঠার।”
তিনি বলেন, আগুনের খবর পেয়ে নিউজ রুমের মেয়েদের মধ্যে বিশেষ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বেশি। তাদের অনেকেই কান্নাকাটি শুরু করলে পরিবেশ ভয়াবহ হয়ে উঠে।
আগুন লাগার পর পাঁচ তলায় আটকে পড়েন বিএসইসির সুপারভাইজার সাইফুর রহমান। চতুর্দিকে কালো ধোঁয়ায় কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি। জলন্ত ফ্লোরের একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। আগুনের হলকা ওই রুমে আসার পর পাশের রুমে চলে যান। এভাবে একের পর এক আগুনকে পিছনে ফেলে যেতে যেতে একসময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে দমকল বাহিনী তাকে উদ্ধার করে আনে। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে নফহবংি২৪.পড়স---কে একথা বলেন তিনি।
বিএসইসি ভবনের ছাদে আটকে পড়া আরেকজন হলেন এনটিভির সংবাদ উপস্থাপক রোকসানা পারভীন। নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা।
তিনি বলেন, “সাত তলায় এনটিভির নিউজরুমে কাজ করছিলাম তখন। হঠাৎ করেই রুমের মধ্যে ধোঁয়া ঢুকতে শুরু করে। দোতলার আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। কিন্তু নিচের আগুন উপড়ে আসবে না এরকম ভেবে প্রথমে আমরা পাত্তাই দিইনি।”
তিনি বলেন, বেলা পৌনে ১১টার দিকে ধোঁয়া বাড়তে থাকে। কুন্ডলি পাকিয়ে পাকিয়ে প্রবেশ করতে শুরু করে নিউজ রুমে। সবাইকে নিচে নামতে বলেন সিনিয়ররা। ততক্ষণে লিফট বন্ধ হয়ে গেছে। সিঁড়ি দিয়ে একতলা নামার পরই কালো ধোয়ায় সমস্ত কিছু অন্ধকার দেখতে পাই আমরা। এরপর হুড়োহুড়ি করে ছাদে উঠে যাই।”
তিনি বলেন, “ছাদেও ছিল প্রচ- ধোয়া। কেউ বমি করছিল। কেউ অজ্ঞান হয়ে যাচ্ছিল। কারো কারো মাথায় পানি ঢালা হচ্ছিল। এরপর হেলিকপ্টার এলো। আমরাও যেন জীবন ফিরে পেলাম। কিন্তু হেলিকপ্টারে সবাই যেতে পারলো না। হুড়োহুড়ি করে বেশিরভাগ ছেলেই চলে গেল। মৃত্যুচিন্তা গাঢ়ভাবে আমাদের ঘিরে ধরলো। একবার আগুন কমে, আবার বাড়ে। ধোঁয়া থেকে রেহাই পেতে ছাদের এদিক ওদিক যাচ্ছি আমরা। প্রায় সাড়ে তিন ঘন্টা অপেক্ষা শেষে মই বেয়ে নিচে নেমে আসি।”
এরকম ভয়ংকর অভিজ্ঞতা তার জীবনে আর হয়নি বলেও জানিয়েছেন রোকসানা।
তৃতীয় তলায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন আব্দুল মোমিন। সোয়া ১০টার দিকে খবর পান নিচ তলায় আগুন লেগেছে। শর্ট সার্কিটের সামান্য আগুন ভেবে গা লাগালেন না অফিসের কেউ। এমনকি ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার প্রয়োজনও মনে হলো না কারো। এর প্রায় ১৫ মিনিট পর নিচ থেকে বিস্ফোরণের শব্দ ভেসে এল, সঙ্গে তীব্র কালো ধোয়া। মোমিনসহ সবাই নিচে নামতে গিয়ে দেখেন লেলিহান শিখা পুরো ফ্লোর গ্রাস করেছে। কেউ কেউ ফায়ার ফাইটিং সামগ্রী ব্যবহারের চেষ্টা করলেও পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে।
ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন মোমিন বিভীষিকাময় সেই সময়গুলোর কথা বলতে গিয়ে জানান, “আগুন লাগার পরপরই জিনিষপত্র চুরি হওয়ার ভয়ে সিড়িতে যাওয়ার গেটগুলোয় তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ চিৎকারের পর খোলা হলো সেগুলো। প্রথম থেকেই গেট খোলা থাকলে নিরাপদে বের হতে পারত সবাই। আমরা এরপর বাঁচার আশায় ওপরের দিকে ছুটতে থাকি। কিন্তু সেখানেও আগুনের লেলিহান শিখা। অবাক হয়ে গেলাম। এখানে আগুন কীভাবে ধরল। চারদিকে প্রচ- গরম। আবার নিচে নেমে এলাম। স্যাররা বললেন, এবার যেভাবে পার প্রাণ বাঁচাও।”
আব্দুল মোমিন এরপর ভাবেন ভেতরে থাকলে হয়ত পুড়েই মড়তে হবে। এর চেয়ে লাফিয়ে নিচে পড়লে অন্তত লাশটি ফেরত পাবে তার পরিবার। এই ভেবে তিন তলা থেকে ঝাঁপ দেন তিনি। এরপর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় হাসপাতালে।
বিমান বাহিনীর হেলিকপ্টার কয়েকজনকে উদ্ধারের পর সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকারী দলের তৎপরতায় উদ্ধার পায় ছাদে আটকে থাকা সবাই।
দমকলের ডুবুরি আহত আবুল খায়ের নফহবংি২৪.পড়স-কে বলেন, “আমি আটকে পড়াদের উদ্ধার কাজের দায়িত্ব পালন করছিলাম। ভবনের বিভিন্ন তলা থেকে সচেতন ও অচেতন প্রায় ৫০ জনকে উদ্ধার করি। এরপর নিচে নামার সময় ওপর থেকে একটা মই পড়ে আমার পা মচকে যায়।”
