২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আযিযুল হক কলেজে ছাত্রদল--শিবির সংঘর্ষে আহত ৪০

হলে সিট বরাদ্দের ফরম জমা দেওয়াকে কেন্দ্র করে বগুড়া সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজে বৃহস্পতিবার ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 05:34 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

আহতদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ছাত্রদল কলেজ শাখা সভাপতি জোবাইদুল ইসলাম লিটন, সহ--সভাপতি শফিক ও শিবির শহর শাখার সাংগঠনিক সম্পাদক আলিমুল রাজীব, মতি ও বাদশার অবস্থা আশংকাজনক।

সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ আকতার আলী মুন হল, শেরে বাংলা হল ও তিতুমির হলে বৈধ ছাত্রদের মধ্যে আসন বরাদ্দের জন্য সম্প্রতি সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ছিল সিটের জন্য ফরম জমা দেওয়ার শেষ দিন।

আবেদনকারী নিজে উপস্থিত থেকে ফরম জমা দেওয়ার কথা থাকলেও এদিন অনেকেই ছাত্র সংগঠনের কর্মীদের মাধ্যমে সেগুলো জমা দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ছাত্রদল ও শিবিরের কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়।

ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এলে শিবির কর্মীরা ক্যাম্পাস ছেড়ে রেল লাইনের দক্ষিণ পাশে অবস্থান নেয়। অন্যদিকে ছাত্রদলের নিয়ন্ত্রণে চলে যায় মূল ক্যাম্পাস।

ছাত্রদলের জেলা কমিটির সভাপতি খাদেমুল ইসলাম জানান, ছাত্রশিবির কর্মীরা হকিস্টিক ও লাঠি নিয়ে আক্রমণ চালালে ছাত্রদল কলেজ শাখার সভাপতি জোবাইদুল ইসলাম (লিটন) সহ--সভাপতি শফিক, সহ--প্রচার সম্পাদক আমিনুর রহমান, শাহিন, রুবেল, মাহমুদুল, রাজ্জাক, সুমনসহ আরও ১০/১৫ জন আহত হন।

অন্যদিকে শিবিরের শহর শাখার সাংগঠনিক সম্পাদক আলিমুল রাজী মতি, কলেজ শাখার সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক সেলিম, সাংগঠনিক সম্পাদক বাদশা, বায়োজিদ, মিজান, হাসান, নুরুনবী, ফারুক, রউফ, শফিকসহ আরো ১০/১২ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনের কলেজ শাখা সভাপতি শাহিন মিয়া।

কলেজের অধ্যক্ষ ড. মছির উদ্দিন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

অন্যদিকে ছাত্রদলের জেলা কমিটি সভাপতি খাদেমুল ইসলাম হামলাকারী শিবির কর্মীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।