২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত নির্বাচনের দাবিকে গুরুত্ব দিচ্ছে না সরকার:মইনুল

তত্ত্বাবধায়ক সরকারের তথ্য ও আইন উপদেষ্টা মইনুল হোসেন বলেছেন, “রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও সরকার সেই দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 10:37 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত সংস্কার কার্যক্রম শেষ করার পরই নির্বাচন কমিশন পরবর্তী সংসদ নির্বাচনের তারিখ ঠিক করবে।” রাজনৈতিক দলগুলো সম্প্রতি বক্তব্য ও বিবৃতির মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। এ ব্যাপারে মন্তব্য করতে গিয়েই আইন উপদেষ্টা এ কথা বলেন।

যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে-- প্রধান প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে তোলা দাবি এখন ক্রমশই জোরালো হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচয়পত্র তৈরির নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না। কারণ সংবিধান বহির্ভুত সরকার কেউ চায় না। অন্যদিকে বিএনপি বলছে, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ শাসন করতে হবে এবং এর জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন।

কিন্তু আইন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক দলগুলোর এসব দাবির ব্যাপারে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, “এটা আমরা গুরুত্ব দিই না এজন্য যে এটা শুধু তাদের ব্যাপার না। নির্বাচনে রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। কিন্তু নির্বাচন জনগণের জন্য। সৎ ও ভালো প্রার্থীদের নির্বাচিত করার এটাই সুযোগ। সেই সুযোগকে বাদ দিয়ে দলের নামে যাকে খুশি তাকে মনোনয়ন দেবে--এটা হতে পারে না। অর্থাৎ নির্বাচনটা আমরা তাড়াহুড়া করে করবো না।”  

ব্যারিস্টার মইনুৃল হোসেন বলেন,“নির্বাচন আমরা অবশ্যই তাড়াতাড়ি করবো। যেহেতু জনগণের স্বার্থ রক্ষার ব্যাপার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেভাবে অস্থির হয়ে উঠেছে, তাতে মনে হয় তারা তাড়াতাড়ি করে ক্ষমতায় এসে আরাম-আয়েশ করবে।”

সংবিধানের বাইরে কোনো সরকার থাকা উচিত নয় বলে রাজনৈতিক দলগুলো যে কথা বলছে, সে ব্যাপারে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “বর্তমান সরকারকে সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে। আর এ প্রক্রিয়ায় কিছু জোড়াতালি দিতে হচ্ছে, কারণ রাজনৈতিক নেতারাই এ পরিস্থিতির সৃষ্টি করেছেন। তাঁরাই সংকট তৈরি করেছেন। আমরাতো এ পরিস্থিতির সৃষ্টি করেনি। আমরা এসেছি সাংবিধানিক প্রক্রিয়াটা রক্ষা করার জন্য।”

“আমি বলবো না যে জোড়াতালি হয়নি। কিন্তু এখন পর্যন্ত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য থেকেই কাজ করে যাচ্ছি।তিনি আরও বলেন, আজ ১১জনকে নিয়ে সরকার চালাতে হচ্ছে। এটা হচ্ছে শাসনতান্ত্রিক বিধান অনুযায়ী এব্ং আমাদের খুব কষ্ট হচ্ছে। কিন্তু যেহেতু সাংবিধানিক চৌহদ্দির মধ্যে আমরা থাকার চেষ্টা করছি, সে জন্য আমরা উপদেষ্টার সংখ্যা বাড়াতে পারছি না। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা কথা যত কম শুনবো তত আমাদেরই ভালো।”

সংস্কার শেষে কবে নাগাদ নির্বাচন হতে পারে ---বিবিসির এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা বলছি, সংস্কার আপনারা করুন । যেসব ভুল ভ্রান্তি আপনারা নিজেরা করেছেন , সেগুলোর সংশোধন আপনারাই করুন। সত্যি কথা হচ্ছে রাজনৈতিক দলগত পদ্ধতি ব্যর্থ হয়েছে। সেই সংকট দুর করার জন্য আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে।

যে নির্বাচন কমিশনের পরিবর্তন চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটা কি শাসনতন্ত্র সম্মত? আমরা বঙ্গভবনে তাদের চা খাইয়ে বিদায় নিতে বাধ্য করেছি। এটা কারা করেছে?”

তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। তারা বলুক তারা কবে নাগাদ প্রস্তুত, আমরাও প্রস্তুত। এখন রাজনৈতিক দলগুলো বলে, আমরা আইডি কার্ড চাই না, স্বচ্ছ ব্যালট বাক্স চাই না, যেসব দাবি তাদেরই ছিল, কোনো আইন পুর্নগঠন করতে চাই না। আমাদের দ্রুত নির্বাচন করতে দেন, আমরা আগের মতো ক্ষমতায় এসে আবারও দুর্নীতি করবো, আগের রাজনীতি করবো----সেটাতো হতে দেওয়া যাবে না।”