কারাগারেই দুদকের নোটিশ পেলেন ফালু ও সালাউদ্দিন
কারাগারে থেকেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ পেলেন মোসাদ্দেক আলী ফালু এবং সালাউদ্দিন আহমেদ।
খুলনা জেলা কারাগারের ডিভিশন ওয়ার্ডে থাকা বিএনপির এই দুই নেতার নাম আছে দুদকের ঘোষিত সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকায়। তাদের সম্পদের হিসাব চেয়ে পাঠানো নোটিশ মঙ্গলবার সন্ধ্যায় পৌঁছেছে খুলনা কারাগারে।
এদিকে এক সপ্তাহ পর সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
খুলনা জেলা কারাগারের জেলার আনোয়ারুজ্জামান জানান, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব মোসাদ্দেক আলী ফালুর সম্পদের হিসাব চেয়ে দুদক সচিব দেলোয়ার হোসেন স্বাক্ষরিত নোটিশ দুটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন পত্রবাহক নিয়ে আসেন খুলনায়।
এদিকে সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ এবং ভাতিজা হাবিবুল্লাহ মঙ্গলবার তার সাথে সাক্ষাৎ করেছেন। বিকেলে জেলা কারাগারের একটি কক্ষে তারা তিনজন প্রায় আধঘন্টা কথা বলেন। কেএমপির স্পেশাল ব্রাঞ্চের একটি দল এ সময় তাদের পাহারায় ছিল।
