ঘুষ নেওয়ার অভিযোগে হবিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) গ্রেপ্তার
দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেনকে আটকের পর পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এই ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁর তিন অফিস সহকারিকেও আটক করে সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।
সেনা বাহিনী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদত হোসেন গত এক মাসে কৃষি ব্যাংক মাধবপুর শাখা থেকে তিন কিস্তিতে প্রায় সাড়ে ৯ লাখ টাকা নোয়াখালীর মাইজদী কোর্ট কৃষি ব্যাংক শাখায় পাঠান। যা অস্বাভাবিক ও সন্দেহজনক।
পরে কৃষি ব্যাংক মাইজদী কোর্ট শাখা থেকেও অস্বাভাবিক আর্থিক লেনদেনের ঘটনার সত্যতা যাচাই করে যৌথ বাহিনী। এ ছাড়াও স্থানীয় জনসাধারণ মাধবপুর উপজেলায় ঘুষের বিনিময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করার অভিযোগ আনে শাহাদত হোসেনের বিরুদ্ধে। সেনাবাহিনীর গোয়েন্দা দল মাঠ পর্যায়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করে রোববার সকালে তাকে মাধবপুর কার্যালয় থেকে আটক করে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে রোববারই মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। যৌথবাহিনী জানায়, আটক করা সরকারি কমকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আতাউর রহমান সাংবাদিকদের বলেছেন, শাহাদত হোসেনের আটক হওয়ার বিষয়টি তিনি শুনেছেন।
এদিকে শাহাদাত হোসেনকে আটকের পর রোববার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তার তিন অফিস সহকারিকে আটক করেছে যৌথবাহিনী। এরা হলেন অজিত সাহা, মনিরুল হক ও সুমন কিশোর চৌধুরী।
এ ব্যাপারে হবিগঞ্জ সেনা ক্যাম্প থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের ক্যাম্পে আনা হয়েছে।
