নির্বাচন না হওয়ায় আরো যাদের মন খারাপ
‘ভালো ব্যাবসা হবে ভেবে আরো দুটো মাইক কেনা হয়েছিলো।’ আফসোস করে বললেন মিরপুরের নিউ মোহাম্মদী ডেকোরেটরের কর্মচারী জাহাঙ্গীর। কিন্তু মাইক দুটো এখন বেকার। ডেকোরেটরের মালিকের সঙ্গে সঙ্গে মন খারাপ কর্মচারীদেরও। আয় বাড়লে কর্মচারীরাও দুটো পয়সা বখশিশ পেতো।
অতীতের সব নির্বাচনের অভিজ্ঞতা বলে এদেশে নির্বাচন বড় ধরনের বিনিয়োগ, এক বড় রকমের টাকার খেলা। ফলে অনেক খুচরো ব্যবসায়ীরাও শুলুক সন্ধানে থাকেন কীভাবে এখান থেকে কিছু কড়ি পকেটে তোলা যায়। বিগত দিনের অভিজ্ঞতার আলোকে অনেকেই এবারো এই নিশ্চিত লাভের ব্যবসায় আগে থেকেই বিনিয়োগ করে বসেছিলেন। কিন্তু অন্তবর্তী সরকার এসে যেভাবে সংস্কার কাজ শুরু করেছেন তাতে এরা সবাই হতাশ। অনেকে দোকানের ঝাঁপি ফেলে মুখ ব্যাদান করে বসে আছেন। কী করবেন বুঝতে পারছেন না।
জাহাঙ্গীর বললেন, “নির্বাচন বন্ধ হওয়ায় খুবই ক্ষতি হয়েছে। মাইক চলছে না। নতুন দুইটা মাইকের দিকে তাকালেই মনটা খারাপ হয়ে যায়। অন্যসময় নির্বাচন বন্ধ হলে দলগুলো অবরোধ টবরোধ করতো কিন্তু এবার কিছুই করছে না। অবরোধ হলেও মাইক কিছুটা চলে। সেক্ষেত্রে লোকসান কিছুটা হলেও কমানো যেতো।”
মাইক ছাড়াও নির্বাচনের মৌসুমে আরো দরকার হয় সমাবেশ মঞ্চ, প্যান্ডেল, সামিয়ানা, চেয়ার টেবিল ইত্যাদির। মাইকের পাশাপাশি ডেকোরেট দোকানগুলো এগুলিও ভাড়া দিয়েও কিছু আয় করতো। সেসব রাস্তাও এখন বন্ধ।
নির্বাচনে দেয়াল লিখকরাও বিরাট ভূমিকা পালন করে থাকেন। নির্বাচন মৌসুমে তারা দিন রাত কাজ করেন আর এই সুযোগে দু’পয়সা আয় করে নেন। নির্বাচন না হওয়ায় বাড়তি এই আয় থেকে বঞ্চিত হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে মিরপুরের রেখা আর্ট এর কর্মচারি মনির হোসেন বলেন, “এমনিতে নির্বাচনের আগে আগে ব্যানার আর চিকা মারার অনেক কাম পাওন যায়। আয় রুজি কিছুটা বাড়ে। অহন ইলেকশন না অওয়ায় ইনকাম বন্ধ।”
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জন্য মিছিল খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সব দলের মিছিলে সব সময় লোক হয় না। তখন ভাড়া করা জনতা একমাত্র ভরসা। মিরপুরের শিয়ালবাড়ি বস্তির ১৫-১৬ বছরের মিলনের এরকম মিছিল করার বেশ কিছু অভিজ্ঞতা আছে। “মিছিল করে আধ বেলায় ৫০ টেহা কইরা পাওন যায়। অনেকে মিছিল শ্যাষে পুরি সিঙ্গারাও খাওয়ায়। এইবার দুএকটা িিমছিলও করছিলাম, এরফর আচমকা হুনলাম ইলেকশন অফ। তারপর থন আর মিছিলের কাম পাই নাই।” হতাশ কণ্ঠে বললেও একটা আশাবাদও ব্যক্ত করেছে মিলন, “ হুনছি কয়েক মাস পরেই ইলেকশন অইবো, তহন বালামতো কাম করুম।” সেই ‘ইলেকশন’ যে আর আগের মতো হবে কিনা সে প্রশ্ন তুলে তার মনের দুশ্চিন্তা আর বাড়ালাম না।
রাজনৈতিক মৌসুমে রিকশারও বিশেষ ভূমিকা থাকে। রিক্সাওয়ালারা মাইক বাঁধেন রিক্সায়। সে মাইকে শ্লোগান দেয়া হয়। এধরনের কাজে আভিজ্ঞতা আছে এমন একজন রিক্সাচালক আবুল কালাম বলেন, আমরা এখন আর ওসব মিছিলে রিক্সা নেই না। কারণ এখনকার মিছিলে হয় পুলিশি হাংগামা নয়তো অন্যদলের সাথে মারামারি হয়। মারামারিতে সবাই দৌড়ে পালায় শুধু পালাতে পারিনা আমরা। লাভের আশায় তখন রিক্সা ভাঙা পড়ে। এছাড়া আরো সমস্যা আছে। যে টাকা ভাড়া ঠিক করা হয় তার পুরোটা দেয় না। সারাদিন ২৫০ টাকা ঠিক হলে দেয় ১৫০, পাতিনেতারাই ১০০ খেয়ে ফেলে।
তারপরও সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে নির্বাচন স্থগিত হওয়ায় এইসব পেশার মানুষগুলো খুব একটা খুশি না। রাজনৈতিক নেতাদের মতো তারাও দ্রুত নির্বাচন চান।
