২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনের আমন্ত্রণ জানাতে ঢাকায় আসছেন প্রণব মুখার্জী

দিল্লিতে ৩ থেকে ৪ এপ্রিল অনুষ্ঠেয় চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 03:04 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রোববার ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল সোয়া ৯ টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকায় পৌঁছানোর পর প্রণব মুখার্জী বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র হস্তান্তর করবেন। এরপর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করবেন তিনি।

সূত্রটি জানায়, দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন তিনি। ভোজের আগে দ্বি--পাক্ষিক বিষয় নিয়ে ইফতেখার ও প্রণব আলোচনা করবেন। 

বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সোমবার রাতেই প্রণব মুখার্জী ঢাকা ছেড়ে যাবেন। 

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরের ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী রোববার সাংবাদিকদের বলেন, “আলোচনার ব্যাপারে আমরা আশাবাদী। বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে যে, এই আলোচনা দুপক্ষের পারস্পরিক বিষয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।”