ময়ূর নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
খুলনায় ময়ূর নদীতে ডিঙি নৌকায় উঠে খেলতে গিয়ে আজগর (১০) ও ঝর্ণা (৯) নামে দুই শিশু ডুবে মারা গেছে। শনিবার সকালে নগরীর গল্লামারী শ্মশান ঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকার লোকজন জানান, সকাল ১০টার দিকে গল্লামারী বস্তি এলাকার শাহজাহানের ছেলে আজগর ও মোঃ খোকনের মেয়ে ঝর্ণা তাদের আরেক বন্ধু বাদলসহ নদীর পাড়ে বেঁধে রাখা গনি মিয়ার নৌকায় খেলা করছিল।
হঠাৎ নৌকাটি উল্টে তিন জনই নদীতে পড়ে যায়। বাদল সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। আজগর ও ঝর্ণা সাঁতার না জানায় তলিয়ে যায়।
বেলা সাড়ে ১২টার দিকে দমকল ও নৌবাহিনীর ডুবুরী দল নদীতে সন্ধান চালিয়ে আজগর ও ঝর্নার লাশ উদ্ধার করে।
সোনাডাঙ্গা থানার দারোগা ফজলুর রহমান জানান, দুই শিশুর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
