২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপিতে বরাদ্দ ব্যয়ে পিছিয়ে বড় মন্ত্রণালয়গুলো

এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে মোট বাজেটের এক তৃতীয়াংশেরও কম ব্যয় করতে পেরেছে। যদিও চলতি অর্থবছরের এডিপির ২৬ হাজার কোটি টাকার প্রায় দুই--তৃতীয়াংশই বরাদ্দ পেয়েছে এই মন্ত্রণালয় ও বিভাগগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

অর্থনীতিবিদরা বলছেন, দারিদ্র মোকবিলায় সত্যিকারের অগ্রগতি অর্জনের ক্ষেত্রে এই স্বল্প ব্যয় বাধা তৈরি করবে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগ (এলজিআরডি), বিদ্যুৎ বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের পরিমাণ ১৬ হাজার ৮৭৪ কোটি ৩৯ লাখ টাকা যা মোট এডিপির ৬৪ দশমিক ৯ শতাংশ। বাকি ৩৭ টি মন্ত্রণালয় ও বিভাগ পেয়েছে মাত্র ৯ হাজার ১২৫ কোটি ৬১ লাখ টাকা অর্থাৎ মোট এডিপির ৩৫ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই--ডিসেম্বর সময়ে এলজিআরডি তাদের মোট বাজেট ৫ হাজার ৬৮ কোটি ৭৪ লাখ টাকার মাত্র ৩৩ শতাংশ অর্থাৎ এক হাজার ৬৮১ কোটি ৬৩ লাখ টাকা খরচ করেছে। গত অর্থবছরের এই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল তাদের মোট বাজেটের ৪০ শতাংশ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ব্যয়ের পরিমাণ এক হাজার ৯৯২ কোটি ৭৮ লাখ টাকা যা মোট বরাদ্দের মাত্র ৩৪ শতাংশ। গত অর্থবছর একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল ৫২ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দকৃত এডিপির মাত্র এক হাজার ২৫৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করেছে যা মোট বরাদ্দের মাত্র ২২ শতাংশ। গত অর্থবছর একই সময়ে তাদের খরচ ছিল ৩৩ শতাংশ।

বিদ্যুৎ বিভাগ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যয়ের পরিমাণ গত অর্থবছর থেকে কিছুটা বেশি। বিদ্যুৎ বিভাগ খরচ করেছে ৩ হাজার ১৮০ কোটি ২১ লাখ টাকা যা বরাদ্দের ৩৪ শতাংশ; গত অর্থবছর এর পরিমাণ ছিল ৩০ শতাংশ। অপরদিকে যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যয় ৩৫ শতাংশ বা এক হাজার ৪২ কোটি ৩৯ লাখ টাকা। একই সময়ে গত অর্থবছর এই মন্ত্রণালয়ের ব্যয় ছিল ২৪ শতাংশ।

অর্থনীতিবিদ ড. আতিউর রহমান জানান-- স্থানীয় সরকার বিভাগ (এলজিআরডি), বিদ্যুৎ বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়-- দারিদ্র দূরীকরণ কর্মসূচির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত।

তিনি বলেন, “সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অনুসারে ২০১৫ সালের মধ্যে দেশের দরিদ্র মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে এই বরাদ্দকৃত টাকার সুষ্ঠু ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) সভাপতি খলিকুজ্জামান আহমেদ শনিবার নফহবংি২৪.পড়স কে বলেন, “সামাজিক খাতে বাড়তি ব্যয় গরিব মানুষের জন্য উপকারী কিন্তু তা কার্যকরী হতে হবে। এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাইলে গরিবদের জন্য কর্মসংস্থানমূলক খাতে অধিক টাকা কার্যকরভাবে খরচ করতে হবে।”

আতিউর বলেন, এই স্বল্প ব্যয় কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও বাধা সৃষ্টি করতে পারে।

বর্তমানে বিশ্বের দরিদ্র মানুষদের দুই-তৃতীয়াংশ বাস করে এশিয়ায় এবং এদের মধ্যে অর্ধেকের বসবাস দক্ষিণ এশিয়ায়।

মাথপিছু আয় এবং ব্যয় নিয়ে ২০০৫ সালে সরকারের এক প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে দারিদ্রের মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যা ৪০ শতাংশ। পাঁচ বছর আগে ছিল ৪৯ শতাংশ।