২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে চ্যানেল এস -এর এমডি গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে বেসরকারি স্যাটেলাইট টিভি ‘চ্যানেল এস’-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রাজধানীর কারওয়ান বাজারে চ্যানেল এস-এর অফিস থেকে শনিবার দুপুর দেড়টায় সামাদুল হককে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। বিকেলে তাকে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মীর রেজা আলী জামিনের আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক তাকে ৭ দিনের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদনও নাকচ করে দেন।

ভিউ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী গত ২১ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে সামাদুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি উল্লেখ করেন, টিভি অনুষ্ঠান বিক্রি বাবদ সামাদুল হকের কাছে তিনি ৫২ লাখ টাকা পাবেন। এই মামলায় দাখিল করা এফআইআরের ভিত্তিতে শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে গত বছরের শেষ দিকে তেজগাঁও থানায় সামাদুল হকের বিরুদ্ধে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরো একটি মামলা দায়ের করেন এক মহিলা।