২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারীতে সরকারি ত্রাণের আরও টিন উদ্ধার, গ্রেপ্তার ২

বোয়ালমারী উপজেলা সদর ও চতুল ইউনিয়নে সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের হাসামদিয়ায় গ্রামের বাড়িসহ বিভিন্ন বাড়ি থেকে মঙ্গল ও বুধবার অভিযান চালিয়ে মোট ২৬৫টি সরকারি ত্রাণের ঢেউটিন উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় দুইজনকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানায় সোপর্দ করা হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 10:09 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

গ্রেপ্তারকৃত দুজন হচ্ছে শাহ জাফর টেকনিক্যাল কলেজের কম্পিউটার সেকশনের কর্মচারি সিরাজ ও নাইটগার্ড খায়ের। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. কবীর জানান, মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, যৌথবাহিনী অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ও বুধবার সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের মালিকানাধীন পদ্মডুবি মৎস্য প্রকল্পের পুকুর, শাহজাফর টেকনিক্যাল কলেজ ও সংলগ্ন এলাকার বিভিন্ন বাড়ি থেকে সরকারি ত্রাণের টিন উদ্ধার করে।

হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে ৮৪টি এবং বিএনপি কর্মী আতাউর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮০টি টিন উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬ টি টিন পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

বোয়ালমারী থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষক অতুল চন্দ্র মণ্ডল ও সহকারী প্রধান শিক্ষক মাজেদ মিয়াকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ব্যাপারে সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর জানান, উদ্ধারকৃত টিনগুলো আব্দুল আজিজ দাখিল মাদ্রাসা, মহিলা সমিতি প্রভৃতি সংগঠনের বরাদ্দ থাকলেও তা হস্তান্তর করা সম্ভব হয়নি।

এদিকে বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংসদ শাহ জাফরের ঘনিষ্ঠজন মানুষ নজরুল ইসলামের গোডাউন থেকে পুলিশ তল্লাশি চালিয়ে ৪০টি ঢেউটিন উদ্ধার করেছে।

পুলিশ বিএনপি নেতা নজরুল ইসলামের ভাই মন্টু মিয়াকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে বলে থানা সূত্রে জানা গেছে।