২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে সরকারের ধর্মযুদ্ধে সশস্ত্র বাহিনী সহায়তা করছে:সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান লেফটেন্যাট জেনারেল মইন ইউ আহমেদ আবারও জোর দিয়ে বলেছেন, দেশে সামরিক শাসন জারি করা হয়নি। বেসামরিক সরকারই দেশ চালাচ্ছে। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেছেন। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ধর্মযুদ্ধে (জিহাদ) সশস্ত্র বাহিনী শুধু সহায়তা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 10:17 AM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সেনাপ্রধান মঙ্গলবার সকালে বরগুনা সফরে গিয়ে জেলা প্রশাসন ও বিভিন্ন পেশার নেতৃস্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। বরগুনা সার্কিট হাউস মিলনায়তনের ওই অনুষ্ঠানে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে আবারও কড়া হূঁশিয়ারি জানিয়ে সেনাপ্রধান বলেন, দুর্নীত ও অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সেনাপ্রধান বলেন, রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় ব্যবসায়ী বা আমলা যিনিই দুর্নীতিবাজ হোক না কেন, তাঁকে ছাড়া হবে না। দুর্নীতিবাজদের তালিকা তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মইন বলেন, “অনেক অসাধু রাজনীতিবিদ আছেন, যাঁদের সম্পদের হিসাব ক্যালকুলেটর দিয়েও নির্ণয় করা সম্ভব নয়। সম্পদের প্রতি অপ্রতিরোধ্য লালসার কারণে তাঁরা জনগণের মাঝে ত্রাণ হিসেবে বিতরণের জন্য সরকারের বরাদ্দ করা ঢেউটিনও আত্মসাৎ করেছেন।”

দুর্নীতি গোটা জাতিকে বিপর্যস্ত করে তুলেছে বলে মন্তব্য করেন সেনাপ্রধান। তাঁর ভাষায় “দুর্নীতিগ্রস্তদের সংখ্যা বেশি নয়, কিন্তু দেশের ৯৫ শতাংশ জনগণ দুর্নীতির কারণে যন্ত্রণা ভোগ করছে।”