রাজধানীতে ১২২ ভরি স্বর্ণালংকার লুট, জনতার হাতে আটক ১
রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার সকালে ডাকাত দল ১২২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৫ হাজার টাকা লুটে নিয়ে গেছে। বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন গৃহকর্তা স্বর্ণ ব্যবসায়ী জহিরুল হক, আর পালানোর সময় ডাকাতদের গুলিতে আহত হয়েছেন একজন এলাকাবাসী। তবে ডাকাত দলের সবাই পালাতে পারেনি, তাদের ধাওয়া করে একজনকে ধরে গণ ধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এই ঘটনায় অন্য কাউকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।
জহিরুল হককে ল্যাব এইড হাসপাতালে এবং গুলিবিদ্ধ এলাকাবাসী ফজলুর রহমান ও আটক ডাকাত সদস্য সহিদুল করিম নাহিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ১৪/১ মনেশ্বর রোডের বাসিন্দা জহিরুল হককে বুকে এবং কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে আর এলাকাবাসী ফজলুর রহমান তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন।
জহিরুল হকের পরিবারের সদস্যরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে পাঁচ থেকে ছয় জনের ডাকাত দলটি তাদের বাসায় ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং অলংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা জহিরুল হককে কুপিয়ে জখম করে।
আক্রান্তদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে ডাকাত দল তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। এ সময় ফজলুর রহমান তলপেটে গুলিবিদ্ধ হন।
অপর এক ঘটনায় মালিবাগ হাজিপাড়া এলাকায় ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইর শিকার হয়েছে তিন ছিনতাইকারী। তারা হচ্ছে মোহাম্মদ হোসেন বাবুল, সুমন আহমেদ ও হাসমত আলি। আতিকুর রহমান নামে একজন গাড়ি চালককে কুপিয়ে তার মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী এই তিনজনকে ধরে ফেলে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানিয়েছে রমনা থানা পুলিশ।
