মগবাজারে ৩ কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার
রাজধানীর মগবাজারের একটি বাড়ি থেকে সোমবার রাতে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
রাত ১০টার দিকে মিজান টাওয়ার নামের একটি বাড়িতে র্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যরা এ অভিযান চালান।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভি--স্যাট পাওয়ার ইনস্টলেশন মেশিন, টেলুলার ডিভাইস (এ যন্ত্রে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম ব্যবহার করা হয়) এবং কুইন্টাম।
বাড়িটির তিনটি ফ্লোর ভাড়া নিয়ে এ কাজ চালাচ্ছিল দুই ব্যক্তি। বেসমেন্ট, তৃতীয় এবং পঞ্চম তলায় এসব যন্ত্রপাতি ফিট করা ছিল।
বেসমেন্টে ছিল সবচেয়ে বেশি যন্ত্রপাতি। এখানে পাওয়া যায় ভি-স্যাটের পাওয়ার ইনস্টলেশন ডিভাইস, ফাইবার অপটিকসের তার এবং ফাইবার অপটিকস অ্যান্টেনা।
র্যাব সূত্র জানায়, অভিযানে টেলুলার উদ্ধার হয়েছে ১০০টির বেশি। প্রতিটির দাম ২৫ হাজার টাকা। কুইন্টাম প্রায় ১০টি। প্রতিটার দাম চার লাখ টাকা। ফাইবার অপটিকস ও অ্যান্টেনার তারের দাম হবে প্রায় ৫০ লাখ টাকা। ভি-স্যাট পাওয়ার ইনস্টলেশন ডিভাইসের দাম হবে দুই কোটি টাকার ওপর।
র্যাব সন্দেহ করছে, একটি বড় মোবাইল টেলিকম অপারেটর এ চক্রের সাথে জড়িত থাকতে পারে। ভি-স্যাট ডিভাইসটি একটি বড় মোবাইল টেলিফোন অপারেটরের বলে জানান র্যাব কর্মকর্তারা।
বাড়ির মালিক মিজানুর রহমান জানান, গত ডিসেম্বর মাসে তিনি বেসমেন্ট ভাড়া দেন ১৫ হাজার টাকায়। তৃতীয় ও পঞ্চম ফ্লোর ভাড়া দেন যথাক্রমে ১২ ও ১০ হাজার টাকায়
এসব ডিভাইস সম্পর্কে তার কোনো ধারণা নেই বলে দাবি করেন তিনি। ভাড়াটিয়ারা তাকে বলা বলেছিল, এসব সরঞ্জাম মোবাইল কোম্পানির টাওয়ারের কাজে ব্যবহৃত হচ্ছে।
তিনি জানান, আক্তার ফারুকী ও খাজা আহমেদ নামে দুই ব্যক্তি এই ঘরগুলো ভাড়া নেয়।
র্যাব গোয়েন্দা শাখার সহকারি পরিচালক খন্দকার আল মইন নফহববিং২৪.পড়স কে বলেন, তারা এ যাবত যত ভিওআইপি স্থাপনা উদ্ধার করেছেন তার মধ্যে এটি সবচেয়ে বড় এবং ব্যতিক্রমধর্মী।
তাদের টিম লিডার মেজর শামসুজ্জোহা বলেন, এ থেকে আরও অনেক কু¬ পাওয়া যাবে।
র্যাব সদস্যরা বেসমেন্টের ঘরটির সব যন্ত্রপাতি চালু অবস্থায় রেখেই সেটি সিল করে দেয়। তৃতীয় ও পঞ্চম তলার যন্ত্রপাতিগুলি রাতের মধ্যেই রমনা থানায় জমা দেওয়া হবে বলেও জানান খন্দকার আল মইন।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ এলাকায় মিজানুর রহমানের একটি ওষুধের দোকান আছে। তিনি ভাড়াটিয়ার সাথে তার চুক্তিপত্র র্যাব কর্মকর্তাদের দেখান।
