দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক নিষিদ্ধ!
রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকরা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা জারি করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।
রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কমপ্লেক্সের দেয়ালে নোটিশ টাঙিয়ে দিয়েছেন তিনি। এ ঘটনার প্রতিবাদে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি পাঠিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জানান, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসাহাক আলীর অনিয়ম ও দুর্নীতি নিয়ে কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি রোববার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা তার সঙ্গে দেখা করতে গেলে অফিস পিয়ন তাজেলের মাধ্যমে তিনি জানিয়ে দেন, এখন থেকে কোন সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলবেন না। পিয়নের মাধ্যমে তিনি সাংবাদিকদের প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কথাও স্মরণ করিয়ে দেন এবং তা মেনে চলার নির্দেশ দেন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তথ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠিয়েছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। এ সময় অন্যান্যের মধ্যে দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে প্রেসক্লাব নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও নিষেধাজ্ঞা আরোপের কারণে ওই কর্মকর্তার শাস্তি দাবি করেন।
এদিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
