সাভারে ৬টি ভেজাল পণ্যের কারখানায় যৌথবাহিনীর অভিযান
উপজেলার পৌর এলাকায় সোমবার বিকেলে যৌথবাহিনী ৬টি ভেজাল পণ্যের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে।
এদিকে সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও আওয়ামী লীগের পৌর শাখার সহ--সভাপতি হোসেন আলীকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার থানার এসআই নাসিম জানান, তাঁর বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, বিকেলে সেনাবাহিনীর সাভার ক্যাম্পের লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে যৌথবাহিনী পৌর এলাকার নোয়াদ্দায় সাবেক কমিশনার রশিদ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে সেখানে একটি ভেজাল চানাচুর কারখানার সন্ধান পায়।
টুম্পা ফুড প্রোডাক্টস নামের ওই কারখানা থেকে একটি হাইড্রোলিক মেশিন, জেনারেটর, বেলাই মেশিন, বিস্কুট কাটার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রাদি ও ভেজাল পণ্য উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক শফিউদ্দিন কচি পালিয়ে যান।
এরপর যৌথবাহিনী বি-- ৩৫/৩ জালেশ্বর মহল্লার মফিজুর রহমানের বাড়ি থেকে নাটোরের সন্দেশ তৈরির একটি কারখানা আবিষ্কার করে। ওই কারখানা থেকে উদ্ধার করা হয় ১২ হাজার ৯৬০ পিস নাটোরের ভেজাল সন্দেশ ও সন্দেশ তৈরির বিভিন্ন রকম যন্ত্রপাতি। পরে ওই সন্দেশ পুকুরে ফেলে দেওয়া হয়। কারখানার মালিক হায়াত খানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তবে হায়াত খানের স্ত্রী বুলবুলি বেগমের স্বীকারোক্তি অনুযায়ী যৌথবাহিনী সি--৬৪/৫, মজিদপুর মহল্লার মিন্টু মিয়ার বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে সন্ধান মেলে ‘রোমানের ১নং ভরকি’ নামের একটি সন্দেশ তৈরির কারখানা।
এ ছাড়া শাহীবাগ মহল্লায়ও ‘নোবেল সন্দেশ’ নামের একটি ভেজাল সন্দেশ তৈরির কারখানায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে ভেজাল পণ্য ও পণ্য তৈরির বিভিন্ন সরঞ্জামাদি।
এদিকে ১৫/১১ ডগরমোড়া মহল্লার যমুনা আইসক্রিমের কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। একই এলাকার আজিম মিয়ার সন্দেশ কারখানায় অভিযান চালিয়ে তারা বিভিন্ন মালামাল জব্দ করে। পরে জব্দকৃত মালামাল গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে সেনাবাহিনীর সাভার ক্যাম্পের লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল ইমরান নফহবংি২৪.পড়স কে জানান, ৬টি ভেজাল কারখানায় অভিযান চালানো হয়েছে। আরও কয়েকটি কারখানার সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার সেগুলোতে অভিযান চালানো হবে।
