ত্রাণের টিন ব্যবহার মামলায় গ্রেপ্তার দেখানো হল ফালুকে
ত্রাণ ও পুনর্বাসনের জন্য বরাদ্দ করা চার লাখ টাকার ঢেউটিন নিজের সিরামিকস কারখানার শ্রমিকদের আবাসনে ব্যবহার করার অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. ইসমাইল হোসেন সোমবার রেহানা ইয়াসমীনের আদালতে ফালুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলাটি শনিবার আশুলিয়া থানায় দায়ের করা হয়।
বিশ্বস্ত সূত্র জানায়, মজুতদারি ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে ফালুর বিরুদ্ধে ঢাকা জেলার আরও কয়েকটি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এদিকে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা, সালাহউদ্দিন কাদের চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, আলী আকবর লবী, মঞ্জুরুল আহসান মুন্সী, নাসের রহমান, মোসাদ্দেক আলী ফালু ও শ্রমিক নেতা ফিরোজ মিয়ার জামিন চেয়ে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দরখাস্ত দিয়েছেন তাদের পক্ষের আইনজীবীরা।
দরখাস্তের গ্রহণযোগ্যতার ওপর প্রাথমিক শুনানি শেষে জজ মো. মমিন উল্লাহ আগামী ৫ মার্চ মূল শুনানির দিন ধার্য করেন।
