২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে দুদক থেকে পদত্যাগ করলেন মনিরউদ্দিন আহমদ

অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মনিরউদ্দিন আহমদও পদত্যাগ করলেন । রোববার বেলা সোয়া ১১টায় ব্যক্তিগত সহকারী গোলাম শাহরিয়ারের মাধ্যমে বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে মনিরউদ্দিন তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। (সমন্বিত)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 04:56 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

অবশ্য পদত্যাগপত্রে মনিরউদ্দিন আহমদ রাষ্ট্রপতির কাছে তাকে দুদক আইনের ১০(১) ধারা অনুযায়ী পদত্যাগের সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন ।

১০(১) ধারায় উল্লেখ রয়েছে “কোনো কমিশনার রাষ্ট্রপতি বরাবর ১ (এক) মাসের লিখিত নোটিশ প্রেরণপূর্বক স্বেচ্ছায় পদ ত্যাগ করিতে পারিবেন।”

গত ৭ ফেব্র“য়ারি বুধবার দুদক চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান এবং কমিশনার মনিরুজ্জামান মিঞা পদত্যাগ করেন। ওই সময় কমিশনার মনিরউদ্দিন বলেছিলেন, আইনানুযায়ী তিনি পদত্যাগ করবেন। তবে সেটা কবে বা কখন তা তিনি সঠিকভাবে বলেননি।

এদিকে রোববার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেন বলেছেন, খুব শিগগিরই কমিশনের চেয়ারম্যানসহ অন্য কমিশনারদের নিয়োগ দেওয়া হবে। এছাড়া কমিশনকে কার্যকর করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে করা হবে।

তিনি বলেন, “আমি আশা করছি খুব শিগগিরই সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবেন।”

চেয়ারম্যান ও অন্য কমিশনাররা পদত্যাগ করায় কমিশনে শূন্যতা সৃষ্টি হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন,“দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। পদত্যাগের ফলে সাময়িক অসুবিধা সৃষ্টি হলেও কয়েকদিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে।”

লিখিত ছুটি না নিয়েও গত কয়েকদিন কমিশনার মনিরউদ্দিনের অফিসে না আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,“এই বিষয়ে আমি কিছু বলতে পারিনা।”

অন্যদিকে  গত বৃহস্পতিবারের মতো রোববার সকালেও যাচাই-- বাছাইয়ে বাদ পড়া সাবেক দুর্নীতি দমন ব্যুরোর বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা ও কর্মচারি কমিশনের সেগুনবাগিচা কার্যালয়ের সামনে  জড়ো হয়ে তাদের ক্ষোভ প্রদর্শন করেন।

তাদের একজন হারুন--আর--রশিদ বলেন,“আমরা চাই পুনরায় যাচাই--বাছাই করে দক্ষ ও সৎ কর্মকর্তাদের পুনঃ নিয়োগ দেওয়া হোক”।

তিনি আরও বলেন,“যারা গত সোয়া দুই বছরে কমিশনের বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের চিহ্নিত করে বিচার করা হোক।”

দুদকের আগারগাঁও কার্যালয় স্থানান্তরিত হচ্ছে

রোববার দুপুর থেকেই শুরু হয়েছে দুদকের আগারগাঁও কার্যালয় স্থানান্তর প্রক্রিয়া। আগামী দু’এক দিনের মধ্যেই পুরো কার্যালয় আবার সেগুনবাগিচার প্রধান কার্যালয়েই চলে আসবে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।

কমিশনের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ও অন্য কমিশনারদের জন্য ২০০৪ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে “রেডব্লক” নাম দিয়ে চারতলায় আধুনিক সুবিধা সম্পন্ন কয়েকটি কক্ষ তৈরি করলেও সাবেক চেয়ারম্যান সুলতান হোসেন খান ও কমিশনার মনিরুজ্জামান মিঞা সেই কার্যালয়ে কোনদিন বসেননি। ২০০৫ সালের জানুয়ারিতে প্রতিমাসে ৭০ হাজার টাকা ভাড়ায় তারা আগারগাঁও পরিসংখ্যান ভবনের ১১তলার একটি অংশ ভাড়া নিয়ে সেখানে অফিস করেন। তবে সেই অফিসে কমিশনার মনিরউদ্দিন আহমদও কোনদিন বসেনি। যদিও সেখানে তার জন্যও একটি কক্ষ বরাদ্দ ছিলো।