সাভারে ফালুর কারখানায় টিন উদ্ধার অভিযান অব্যাহত
সাভারের কোনাপাড়া গ্রামে ফালুর মালিকানাধীন সিরামিকস কারখানাটিতে কমপক্ষে ৫০ জন শ্রমিক শনিবার থেকে নিরলসভাবে টিন উদ্ধার করে চলেছেন। সাভার পুলিশ রোববার একথা জানিয়েছে।
সাবেক সাংসদের ঢাকা-- সাংহাই সিরামিকস্ লিঃ ফ্যাক্টরি নামে ওই কারখানাটিতে শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ত্রাণের জন্য বরাদ্দ শতাধিক বান টিন উদ্ধার করে। রোববার দুপুরেও এই উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
এ ঘটনায় আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে ফালুকে প্রধান আসামী করে ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন জানান, সবগুলো টিন খুলতে আরও দুদিন সময় লাগতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-- ১০ আসনের সাবেক সাংসদ এমপি মোসাদ্দেক আলী ফালুর (মালিকানাধীন) সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি কোনাপাড়া গ্রামের ঢাকা-- সাংহাই সিরামিকস্ লিঃ ফ্যাক্টরিতে যৌথ বাহিনী শুক্রবার রাতে অভিযান চালায়। এ সময় যৌথবাহিনী ত্রাণের জন্য বরাদ্দ করা শতাধিক বান টিন উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানার ম্যানেজার মিয়া রহমান পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দেড় বছর আগে সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু তার কারখানার শ্রমিকদের জন্য শতাধিক বান টিন দিয়ে ৭৫টি রুমের ‘ব্যারাক’ নির্মাণ করে। প্রতিটি টিনের গায়ে লেখা রয়েছে - ‘বিক্রির জন্য নহে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এরাবিয়ান হর্স সুপার (টি এইচ পি), মেসার্স জামালী ট্রেডার্স’।
তিনি আরও জানান, যৌথবাহিনী এই টিনের সন্ধান পেয়ে বিষয়টি পুুলিশে হস্তান্তর করে। পরে পুলিশ শনিবার সকালে ব্যারাক থেকে টিন খুলে থানায় নিয়ে আসে।
এদিকে দুর্নীতির অভিযোগে এরই মধ্যে সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। পুলিশ জানায়, সর্বশেষ মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।
