২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের রোকেয়া সরনীতে ছয়শো অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পুলিশ-জনতা সংঘর্ষ, দিনভর যানজট

রাজধানীর মিরপুরে রোকেয়া সরনী সড়কের দুইপাশের অন্তত ছয়শো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে শনিবার। এসময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে রাজউকের এক কর্মচারী আহত হন। এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উচ্ছেদের কারণে রোকেয়া সরণীতে দিনভর যানজট সৃষ্টি হয়। উচ্ছেদের বিরুদ্ধে শত শত মানুষ এলাকায় বিক্ষোভ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

পুলিশের শতাধিক সদস্যের সহযোগিতায় শনিবার দুপুর ১২টা থেকে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে রাজউক। দুই জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান শুরু হয় মিরপুর ১০ নম্বর সেকশন থেকে। কয়েকটি বুলডোজারসহ হাতুড়ি ও লোহার রড নিয়ে রাজউক শ্রমিকরা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে বিকেলের দিকে শ্যাওড়াপাড়া এলাকায় অভিযান শুরু হলে স্থানীয় মানুষ প্রতিবাদী হয়ে ওঠে এবং বিক্ষোভ শুরু করে। তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইটের আঘাতে আহত হন রাজউকের একজন কর্মচারী। পুলিশ বিক্ষোভকারীদের ছয় জনকে আটক করে ।

উচ্ছেদ অভিযানে বাধা ও সংঘর্ষের একপর্যায়ে সেনা সদস্যরা যোগ দেয় পুলিশের সঙ্গে। সেনা সদস্যদের উপস্থিতি দেখে বিক্ষোভকারীরা সরে পড়ে।

অপর দিকে, অভিযানে সেনা সদস্যদের যোগদানের পর অবৈধ স্থাপনার অনেক মালিক নিজেরাই তাদের স্থাপনা ও অবকাঠামো সরিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পূর্বপাশে অবস্থিত আল-হেলাল হাসপাতালের অবৈধ স্থাপনা ভাংচুর করতে প্রথমে রাজউক কর্তৃপক্ষ দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও পরে হাসপাতালের নীচতলা ও দ্বিতীয় তলায় ভাংচুর শুরু হয়।

মূল নক্সায় আল-হেলাল হাসপাতালের নীচতলা ও দ্বিতীয় তলায় গাড়ি পার্কিং তৈরী করার কথা থাকলেও সেখানে গড়ে তোলা হয়েছে ফার্মেসী ও অন্যান্য সামগ্রীর দোকান।

রাজউকের ম্যাজিষ্ট্রেট আ স ম এমদাদুদ দস্তগীর  দ্বিধাদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা বড়-ছোট, ধনী-গরীব বিবেচনা না করে সবাইকে সমান করে দেখার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা নিজেদের চোখে যা ভালো মনে করেছি, তাই করেছি।”

তিনি এসময় আরো জানান, “রাজউক গুলশান এলাকাতে আরো একটি অভিযানে ‘র্যাংগস’ এর  দখল করা আরো কিছু জমি উদ্ধার করা হয়েছে।