২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলে কচ্ছপ মৃত্যুর ঘটনা তদন্ত শুরু

দেশের উপকূলীয় অঞ্চলে বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 10:00 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

গত দুই সপ্তাহে ইনানী বিচ এলাকা জুড়ে ৬৫টি অলিভ রিডলি প্রজাতির বড় কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছে। সেন্ট মার্টিন, কুতুবদিয়া এবং কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকেও পাওয়া যাচ্ছে একই ধরনের মৃত্যুর খবর।

কক্সবাজারের মেরিন ফিশারিজ বিভাগের কর্মকর্তা জাফর আহমেদ জানান, গত দুই সপ্তাহে দক্ষিণ উপকূলে ৪০ থেকে ৬০ কিলোগ্রাম ওজনের কয়েকশ কচ্ছপ মারা গেছে। বঙ্গোপসাগরে দূষণ এবং অপরিকল্পিতভাবে মাছধরাকে এর কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

সামুদ্রিক কচ্ছপের মধ্যে সবচেয়ে ছোট জাতের একটি অলিভ রিডলি। এদের ওজন সাধারণত একশ পাউন্ডের কম। দেহের শক্ত খোলসটি জলপাই রঙের হওয়ায় এ প্রজাতির নাম রাখা হয়েছে অলিভ রিডলি।

জাফর আহমেদ জানান, একটি চার সদস্যের বিজ্ঞানী দল কচ্ছপের মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু করেছে।

তিনি বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে অপরিকল্পিত মাছ ধরা, দূষণ ও ভ্রমণকারীদের ফেলে যাওয়া বর্জ্য কচ্ছপের মৃত্যুর জন্য দায়ী।”

তিনি আরও জানান, অনেক কচ্ছপ ডিম পাড়ার জন্য তীরে উঠে আসলে জেলেদের জালে আটকে যায়। এছাড়া গভীর সাগরের জেলেরা তাদের জালে ধরা পড়া কচ্ছপদের ছাড়ার ব্যাপারে আগ্রহ না দেখানোয় অক্সিজেনের অভাবে সেগুলো মারা যায়।

জাফর বলেন, অনেক সময় ডিম পেড়ে সাগরে ফিরে যাওয়ার সময় শেয়াল, কুকুরের আক্রমণেও কচ্ছপ মারা যায়। সাগরতীরের মানুষও কচ্ছপদের বিরক্ত ও হত্যা করে।

স্থানীয় প্রধান নির্বাহী প্রশাসক আমিনুল ইসলাম জানান, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কিছু এলাকায় গেছেন এবং বিষয়টিতে স্থানীয় লেকজন ও জেলেদের সচেতন করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।