বগুড়ায় চলছে বঙ্গীয় শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস
বাংলাদেশের প্রত্মতাত্ত্বিক সম্পদসহ বঙ্গীয় শিল্পকলা বিষয়ক সপ্তম আন্তর্জাতিক কংগ্রেস বৃহস্পতিবার বগুড়ায় শুরু হয়েছে। চারদিনব্যাপী এই কংগ্রেস চলবে ১১ ফেব্র“য়ারি পর্যন্ত।
পূণ্ড্র একাডেমি বগুড়া ও ঢাকার বঙ্গীয় শিল্পকলা চর্চা কেন্দ্রের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত কংগ্রেসে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, জাপান, কোরিয়া ও ইন্দোনেশিয়াসহ ১৭টি দেশের জাদুঘর পরিচালক ও পুরাতাত্ত্বিকরা অংশ নিচ্ছেন।
সকাল ৯টায় হোটেল নাজ গার্ডেনে কংগ্রেস উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোকশিল্প বিশারদ ড. আশরাফ সিদ্দিকী। সভাপতিত্ব করেন বগুড়া পুণ্ড্র একাডেমির সভাপতি তাজমিলুর রহমান।
বৃহস্পতিবার সঞ্চালকের দায়িত্বে ছিলেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক। উদ্বোধনী অনুষ্ঠানের পর কয়েকটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
