২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ নেতার আটকাদেশের বৈধতা দেখাতে বলেছে হাইকোর্ট

নাসিম, সালমান, সাকা চৌধুরী, ফালু ও তরিকুলসহ ১০ জনের আটকাদেশের বৈধতা দেখাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া এসব নেতাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়।

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, সালমান এফ রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, আমানউল্লাহ আমান, ইকবাল হাসান মাহমুদ, মোসাদ্দেক আলী ফালুু, জাহাঙ্গীর সাত্তার টিংকু, আবদুর রাজ্জাক ও মো. হাসান এর আটকাদেশের বৈধতা দেখাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আগামী ১০ দিনের মধ্যে তাদের আটক রাখার বৈধতার কারণ দেখাতে বলা হয়েছে। ঢাকার বাইরে থেকে তরিকুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে, তার কারণ দেখানোর জন্য সরকারকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

একইসঙ্গে আটক এই ১০ জনকে কেন আদালতে হাজির করা হবে না এবং কেন তাকে মুক্তি দেওয়া হবে না সরকারকে তারও জবাব দিতে বলেছে হাইকোর্ট।

১০ জনের আটকাদেশের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপ--সচিব, ঢাকার জেলা প্রশাসক, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষকে আগামী ১০ দিনের মধ্যে এই রুলগুলোর জবাব দিতে বলা হয়েছে।

আটক নেতাদের পক্ষে রিট আবেদনের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক, মওদুদ আহমেদ, অ্যাডভোকেট নিজামুল হক নাসিম, আনিসুল বকস ও ইনায়েতুর রহিম।

শুনানিতে তারা বলেন, বিশেষ ক্ষমতা আইনে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটকাদেশ দেওয়া যায় না। কিন্তু তাদের বিরুদ্ধে ঢালাও অভিযোগে বেআইনি আটকাদেশ দেওয়া হয়েছে।

এই ১০ জনের আটকাদেশের অভিযোগে বলা হয়, তারা বাংলাদেশের নিরাপত্তা, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণের কাজে বিঘœ সৃষ্টি করেছেন। ক্ষতিকর কর্মকাণ্ডের তারা মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ভীতি ও আতংক সৃষ্টি করেছেন। তারা রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতিসাধনমূলক কর্মকাণ্ডসহ বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষায় ক্ষতিকর কাজে লিপ্ত রয়েছেন।