২৪ ঘন্টায় ১৬৭৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ১৭টি
সশস্ত্র বাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা সারা দেশে অভিযান চালিয়ে বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১৬৭৩ জনকে গ্রেপ্তার এবং ১৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সশস্ত্র বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে ১১৭ জনকে। এদের মধ্যে ২৮ জন চিহ্নিত সন্ত্রাসী এবং ৮৯ জন অন্যান্য মামলার আসামি। সশস্ত্র বাহিনীর অভিযানে তিনটি অস্ত্র, কয়েক রাউন্ড গুলি এবং একটি টারবো টয়োটা গাড়ি উদ্ধার হয়েছে।
অন্যদিকে পুলিশ ও র্যাব সদস্যদের অভিযানে ১৫৫৬ জন গ্রেপ্তার হয়েছে। এদেরমধ্যে অস্ত্রমামলার আসামি সাত জন, বিস্ফোরক মামলার তিন জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, ৮০০ জন পরোয়ানাভূক্ত ও অন্যান্য মামলার আসামি ৭৩২ জন।
পুলিশ ও র্যাবের অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্র, একটি বোমা, চারশ’ পটকা এবং ২৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি রিভলবার, পাঁচটি বন্দুক, একটি পিস্তল, একটি এলজি, দুটি শাটারগান ও দুটি পাইপগান।
