২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার না পেয়ে ভুরুঙ্গামারী ইউএনও অফিস ঘেরাও

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকরা বুধবার দুই ঘণ্টা ইউএনও অফিস ঘেরাও করে রাখে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 11:40 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

জানা গেছে, প্রায় দুই হাজার কৃষক বুধবার দুপুর ১টার দিকে ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে জমায়েত হয় ইউরিয়া সার কেনার জন্য। অনেকক্ষণ অপেক্ষার পরও সার না  পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা উপজেলা নির্বাহি কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে অবরোধ  করে। সে সময় ইউএনও দীপক রঞ্জন অধিকারী সরকারী কাজে জেলা সদরে ছিলেন।

২ ঘন্টা পর ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম কৃষকদের নামের তালিকা করে সার দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজন জানান, ইউএনও’র নির্দেশে প্রতি ইউনিয়নে চেয়ারম্যানদের মাধ্যমে ইউরিয়া সার বিক্রির কার্যক্রম হাতে নেওয়ার পর তার বুধবার ইউপি ভবনে বিক্রির জন্য ৩২০ বস্তা সার আনেন। তা কিনতে  লাইনে দাঁড়ায় দুই হাজারের বেশি  কৃষক।

কৃষকের সংখ্যা অনেক বেশি হওয়ায় তারা সার বিক্রি বন্ধ করতে বাধ্য হন। এতে বিক্ষুব্ধ কৃষকরা ইউএনও অফিস ঘেরাও করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিলাররা এবার নির্ধারিত দামে সার বিক্রি করলেও অপ্রতুল বরাদ্দ এবং সরবরাহের কারণে কুড়িগ্রাম জেলায় ইউরিয়া সারের সংকট কাটছে না।

কৃষকরা দিনের পর দিন ডিলারদের দ্বারে দ্বারে ঘুরছেন। বুধবার কুড়িগ্রাম সদর উপজেলা ও রৌমারী উপজেলার ডিলারদের ঘরও ছিল সার শুন্য।

স্থানীয় বাফার গুদাম কর্তৃপক্ষ জানান, সদরের ডিলারদের ৪০ মেট্রিক টন সার দেওয়া হচ্ছে। কিন্তু রৌমারীতে সার কবে পৌঁছবে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

রৌমারীর ১১জন ডিলারকে ৯১৩ মেট্রিক টন সার যমুনা সার কারখানা থেকে উত্তোলনের জন্য বরাদ্দ দেওয়া হলেও এখন পর্যন্ত মাত্র ৯৬ মেট্রিক টন ডিলাররা উত্তোলন করতে পেরেছেন। ফলে এই উপজেলায় সারের সংকট চলছে।

কুড়িগ্রাম খামার বাড়ীর উপ-পরিচালক মোহসীন আলী জানান, চলতি ফেব্র“য়ারি মাসে জেলায় ১০ হাজার ১৬৫ মেট্রিক টন ইউরিয়ার চাহিদা থাকলেও বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৭ হাজার ৮০২ মেট্রিক টন। কৃষি বিভাগ সূত্র আরও জানায়, সংকট মোকাবেলায় যে সব এলাকায় সার উদ্বৃত্ত হচ্ছে সেখান থেকে ঘাটতি এলাকায় সার এনে সংকট মোকাবেলার চেষ্টা করা হচ্ছে।