রাজধানীতে দুটি ভবন হেলে পড়েছে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বুধবার একটি সাত তলা ভবন হেলে পড়েছে।
ঘটনার পর ভবনটির সব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাত তলা ওই ভবনটির পাশেই হেলে পড়া আরেকটি পাঁচ তলা ভবনেরও খোঁজ পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, সন্ধ্যা সাতটার দিকে ৬৬/৪, উত্তর বেগুনবাড়ির সাত তলা ভবনটি সামনের দিকে (পূর্ব-উত্তর দিক) ঝুঁকে পড়ে। ভবনটির ঠিক পিছন দিকে (দক্ষিন দিকে) একটি ঝিল রয়েছে। ভবনটির মালিকের নাম রিয়াজ উদ্দিন। ঘটনার পর তাকে পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর ওই বাড়িটির বাসিন্দাদের মধ্যে আতংক ও উত্তেজনা বিরাজ করছে। হেলে পড়া ভবনটি দেখার জন্য শত শত মানুষ জড়ো হয়। পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে রেখেছেন। ঘটনাটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।
ভবনটি হেলে পড়ার সাথে সাথে বসবাসকারীরা হুড়মুড় করে সবাই রাস্তায় নেমে পড়ে। পরে যার যার আসবাব ও দামী সব জিনিসপত্র নামিয়ে ফেলে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শিকদার নফহবংি২৪.পড়স কে বলেন, “জীবনের নিরাপত্তার জন্য ভবনের ১৪ টি ইউনিটে বসবাসকারী সবাইকে তাৎক্ষনিকভাবে নামিয়ে নেয়া হয়েছে।”
তিনি বলেন, “যে কোন সময় ভবনটি সম্পূর্ণ ধসে পড়তে পারে। বাড়িটিতে থাকলে যে কোন সময় ওই মানষ গুলোর প্রাণহানি হতে পারে। একারণে, সবাইকে নামিয়ে নেয়া হয়েছে।”
হেলে পড়া সাত তলা ভবনটির কাছেই পাঁচ তলা আরেকটি হেলে পড়া ভবন দেখা গেছে। ৪২ উত্তর বেগুনবাড়ির ওই ভবনটির ১০ টি ইউনিটের সব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকি এড়াতে ভবনের আশেপাশের কয়েকটি বস্তি ঘরও অপসারণ করা হয়েছে।
ভবনের বাসিন্দারা জানান, সাত তলা ভবনটি হেলে পড়ার পর ঘটনাস্থলে পুলিশ এলে তারাও তাদের ভবন হেলে পড়ার খবর জানান। এছাড়া বেশ কয়েক দিন আগেই ভবনটি হেলে পড়ার খবর মালিককে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেননি বলেও তারা অভিযোগ করেন।
